সাতক্ষীরায় আদিবাসী মুন্ডাদের ওপর হামলা, আহত ১২
সাতক্ষীরার শ্যামনগর থানার কাশিপুরে জামাত দলীয় এমপির জামাতার নেতৃত্বে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ওপর হামলায় কমপক্ষে ১২ জন নারী- পুরুষ আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, শ্যামনগর উপজেলার কাশিপুর গ্রামে মুন্ডা সম্প্রদায়ের বেশ কয়েক বিঘা জমি জামাত দলীয় এমপি গাজী নজরুলের জামাতা মঞ্জুর রাহী দীর্ঘ দিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছিল। সোমবার মুন্ডা সম্প্রদায় তাদের জমিতে পুকুরের পানি পরিস্কার ও স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপন করতে গেলে মঞ্জুর রাহীর লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় রামপ্রসাদ, কালিদাস, কাজল, জয়ন্ত, আকলি, কুলেন বালাসহ কমপক্ষে ১২ জন নারী --পুরুষ আহত হয়। আহতদেরকে শ্যামনগর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে মঞ্জুর রাহী জানান, মুন্ডা সম্প্রদায়ের দাবিকৃত জমি তিনি ক্রয় করে নিয়েছেন।
শ্যামনগর থানার এসআই নুরুজ্জামান হামলার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগ দু’টি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
