চট্টগ্রামে পুলিশ ফাঁড়ি, টোল প্লাজা ও সওজ অফিসে জছনে জুলুছে অংশগ্রহণকারীদের হামলা
দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে আগত জছনে জুলুসে অংশগ্রহণকারীরা মঙ্গলবার সকালে শাহ্ আমানত ব্রীজ অতিক্রম করতে না পেরে পুলিশ ফাঁড়ি, টোল প্লাজা এবং সড়ক ও জনপথ (সওজ) অফিসে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।
পুলিশ জানায়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জছনে জুলুসে অংশগ্রহণকারীরা পাঁচ থেকে ছয়শ’ গাড়ি নিয়ে চট্টগ্রাম সদরের ষোলশহরে আসার সময় শাহ আমানত ব্রীজে সওজ এর ব্যারিকেড থাকায় ব্রীজ অতিক্রম করতে না পারে তারা পায়ে হেঁটে ব্রীজ অতিক্রম করে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে।
শাহ আমানত ব্রীজে ভারি যানবাহন চলাচল প্রতিরোধে সওজ এই ব্যারিকেড দিয়েছিল। তবে জছনে জুলুসে অংশগ্রহণকারীরা দাবি করেছে, তারা যাতে ওই অনুষ্ঠানে যোগ দিতে না পারে সেজন্য সওজ নতুন করে ব্যারিকেড দিয়েছে।
টোল প্লাজার কর্মকর্তারা জানান, জছনে জুলুসে অংশগ্রহণকারীদের অগ্নিসংযোগের কারণে টোল থেকে সংগৃহীত ১২ -- ১৩ লাখ টাকা পুড়ে গেছে।
সওজ এর কর্মকর্তারা জানান, তাদেরও কয়েকশ’ কাঠের বিট ভস্মিভূত হয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জছনে জুলুসের সমর্থকদের গাড়িগুলো ব্রীজের কাছে আটকে থাকলেও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
