১৪ দলের সচিবালয় ঘেরাও কর্মসূচী: পুলিশি বাধায় চাকরিজীবীরাও প্রবেশ করতে পারেনি, সাধারন মানুষের ভোগান্তি
কোহিনূর আক্তার চাকরি করেন সংস্থাপন মন্ত্রণালয়ে। বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অবস্থান কর্মসূচি চলাকালে সকালে তাকে অফিসে ঢুকতে দেয়নি পুলিশ।
“এখন অফিসে যাওয়ার প্রয়োজন নেই। বাসায় চলে যান,” অফিসে যেতে চাইলে পুলিশ তাকে পল্টন কস্তুরী মোড়ে এভাবেই অফিসে যেতে বাধা দেয়। পরে দুপুর ১২-২০ এর সময় অনেক অনুরোধের পর তাকে কাঁটাতারের বেড়া অতিক্রমের অনুমতি দেয় পুলিশ।
কোহিনূর বেগমের মতো শত শত অফিসগামী মানুষকে পুলিশি বাধার মুখে ফিরে যেতে হয়েছে বাসায়। অনেকে শুক্র ও শনিবারের ছুটির সুযোগে আর বৃহস্পতিবারের অবরোধের অজুহাতে অফিসেই আসেননি। বুধবার অফিস সেরে অনেকে চলে গেছেন নিজ নিজ গ্রামের বাড়িতে।
ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে না পারায় তাদের লেখাপাড়ায় মারাত্মক বিঘœ ঘটে। অবশ্য পুলিশি বাধায় খুশি হয়েছে দূরন্ত ছোট ছোট শিশু কিশোররা। স্কুল ফাঁকি দিয়ে গলির ভেতর ক্রিকেট, ফুটবল খেলে আর বাসায় টিভি দেখে ও কম্পিউটার গেমস খেলে বৃহস্পতিবারকেও ছুটির দিন বানিয়ে ফেলেছে তারা।
বায়তুল মোকাররম উত্তর গেটের মোড়ে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে সচিবালয়ে অফিস করার জন্য অনুমতি চান শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। পুলিশকে পরিচয়পত্র দেখালেও কাঁটাতারের ভেতরে ঢোকার অনুমতি মেলেনি।
আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে সাফ বলে দেন, “১টার পরে অফিস করেন। এখন সচিবালয়ে ঢুকতে দেয়া বারণ আছে”।
“কিসের বারণ, কে বারণ করেছে,” এমন প্রশ্নের জবাবে কোন উত্তর দেননি পুলিশের কেউ।
বৃহস্পতিবার ১৪ দলের অবস্থান কর্মসূচি ঢেকাতে পুলিশ এভাবেই সচিবালয়ের চারপাশের বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া দিয়ে রাজনৈতিক নেতা-কর্মীদেরই শুধু না, অফিসগামী মানুষকেই সচিবালয় এলাকায় প্রবেশ করতে দেয়নি।
এর আগে, বিরোধী মোর্চার রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে ডিএমপি-এ্যাকট-২৮ এর মাধ্যমে ১৪৪ ধারার মত নিষেধাজ্ঞা আরোপ করে সচিবালয়ের পার্শ্ববর্তী চার কিলোমিটার এলাকার মধ্যে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান।
অবরোধের সময় পুলিশি বাধার কারণে সবচেয়ে বেশি দূর্ভোগে পড়ে পল্টন, সেগুন বাগিচা এলাকার মানুষরা। বাচ্চাদের স্কুল, অফিস, গৃহস্থালী কাজকর্ম, বাজার করা --- কোন কাজেই তাদের গলি থেকে প্রেসক্লাব রাস্তায় উঠতে দেয়নি পুলিশ।
সেগুনবাগিচা ড্যাব অফিসের গলির বাসিন্দা সেকান্দার আলি সকাল থেকেই অবরুদ্ধে ছিলেন বাসায়। দুপুর ১২টার দিকে ব্যাংকে যাওয়ার জন্য গলির মুখে আসলে পুলিশ তাকে দুপুর ২টার আগে যেতে দেওয়া হবে না বলে জানায়।
হতাশ কণ্ঠে এ সময় সেকান্দার বলে, “আগামী দুই দিন অফিস ছুটি। আজকে ব্যাংকে যেতে না পারলেতো সমস্যায় পড়ে যাবো।”। তার কথায় কোন কর্ণপাতই করেনি পুলিশ।
সচিবালয়ের আশপাশে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিডিআর, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
জিপিওর সামনে জিরো পয়েন্ট, আব্দুল গণি রোড, হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর, হাইকোর্টের সামনের কদম ফোয়ারা, মৎস্য ভবন, সেগুনবাগিচা কার্পেট গলি, বিএমএ ভবন গলি, পল্টন মোড়, বিজয়নগর সড়কের কস্তুরি হোটেলের সামনে, বায়তুল মোকাররম উত্তর গেট ও হাউস বিল্ডিং ভবনের সামনের মূল রাস্তা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন গলিপথেও পুলিশ কাঁটাতারের বেড়া দিয়ে কার্যত অবরুদ্ধ করে ফেলে গোটা নগরীকে।
সকাল থেকেই ওইসব এলাকার ভেতরে প্রবেশ করতে সাধারণ মানুষকে বাধা পরিচয়পত্র প্রদর্শন করতে হয়। ভেতরে পুলিশের গাড়ি ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। ফলে পুরো এলাকা ছিল কার্যত: যানবাহনশূন্য। এসব এলাকার সকল যানবাহনকে এসময় পুলিশ বিকল্প পথে ঘুরিয়ে দেয়।
অত্যাধুনিক অস্ত্র হাতে হাজার হাজার দাঙ্গা পুলিশ, জলকামানের সদর্প উপস্থিতি, কাঁটাতারের বেড়া ঘিরে অফিসমুখী মানুষের ভীড়, আর ১৪ দল এর নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানে পুরো সচিবালয়য়ের চার বর্গ কিলোমিটার এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। এসময় পুলিশ সদস্যদেরও মাঝেও উদ্বেগ ও উৎকণ্ঠা লক্ষ্য করা যায়।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৃহস্পতিবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি বানচাল করতে ব্যাপক পুলিশি অ্যাকশনে সাংবাদিকসহ বিরোধী শতাধিক নেতা - কর্মী আহত হয়েছে।
পুলিশি বাধাকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও আইন - শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে ধাওয়া - পাল্টা ধাওয়া, ইট - পাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল ছোঁড়ার ঘটনায় জিরো পয়েন্ট, জিপিও, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, গুলিস্তান, কাপ্তানবাজার, নবাবপুর, দোয়েল চত্বর এলাকাসহ সচিবালয়ের প্রবেশপথগুলো রণক্ষেত্রে পরিণত হয়।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত প্রস্তাবের সমর্থনে এ অবস্থান কর্মসূচি গ্রহণ করে।
