খাগড়াছড়িতে তিনটি গ্রামে সন্ত্রাসীদের হামলা, ৩০ জন আহত, সেনা মোতায়েন
পার্বত্য জেলা খাগড়াছড়িতে মঙ্গলবার সকালে বিএনপির সশস্ত্র ক্যাডাররা বাঙালিদের তিনটি গ্রামে হামলা চালালে নারী -- পুরুষ -- বৃদ্ধাসহ অন্তত: ৩০ জন আহত হয়।
হামলায় গুরুতর আহত দিদারুল আলম (২২), মনির হোসেন (২০) ও তপনকে (২৮) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার পর আক্রান্ত গ্রামগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন থমথমে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় আধঘন্টা ধরে সন্ত্রাসীরা জেলা সদরের কলেজ গেট, মোহাম্মদপুর ও গোনাপাড়া গ্রামে ভাঙচুর, লুটতরাজ ও নারীদের শারীরিকভাবে লাঞ্ছনা করে। তারা কমপক্ষে ১০টি কাঁচা ঘর গুঁড়িয়ে দেয়।
যুবলীগের একজন নেতাকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে সন্ত্রাসীরা আওয়ামী লীগ সমর্থক বাঙালি অধ্যুষিত ওই গ্রামগুলোতে আক্রোশ দেখায় বলে জানা যায়।
ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ বুধবার খাগড়াছড়িতে ২৪ ঘন্টার সড়ক অবরোধের ডাক দিয়েছে। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, পুলিশ প্রহরায় বিএনপির ক্যাডাররা ওই হামলার ঘটনা ঘটায়। এর প্রতিবাদে সড়ক অবরোধ ছাড়াও ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ সুপার শেখ নওশের আলীর অপসারণ দাবি করা হয়।
হামলার শিকার গ্রামবাসীরা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে বিএনপির ক্যাডাররা লাঠি, রড, রাম দা ও কিরিচ নিয়ে একটি জিপ গাড়িতে করে একের পর এক গ্রামগুলোতে হামলা চালাতে থাকে। এ সময় তারা যুবলীগের পৌর কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছনা করে।
