ইডেন কলেজে ১৮ মার্চের মধ্যে ‘সিট বাণিজ্য’ বন্ধ ও দোষীদের বহিষ্কার না করা হলে ক্যাম্পাস অচলের ঘোষণা
ইডেন কলেজে সাধারণ শিক্ষার্থীরা ১৮ মার্চের মধ্যে ‘সিট বাণিজ্য’ বন্ধ এবং দোষীদের বহিষ্কার না করা হলে ক্যাম্পাস অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ছাত্রদল নেত্রীদের অবৈধ সিট দখলের প্রতিবাদে পাঁচদিন ধরে আন্দোলনরত ছাত্রীরা রোববার এ ঘোষণা দেন।
ছাত্রীদের নতুন কর্মসূচির মধ্যে ১৫ মার্চ সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে অনশন, ১৬ মার্চ কলেজের শ্রেণীতে শ্রেণীতে গিয়ে ক্যাম্পেইন এবং ১৮ মার্চ ক্যাম্পাস অচল করার কর্মসূচি দেন।
অধ্যক্ষ ফিরোজা বেগম বলেন, অনেক দিনের পুরনো আবাসন সংকটের ক্ষোভ থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, মূলত চার বছর মেয়াদী অনার্স করার ফলে ধীরে ধীরে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
তিনি এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা হবে বলে জানান। তিনি সাংবাদিকদের আরো জানান, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা আন্দোলন করছে তারা মূলত সাধারণ ছাত্রী নয়। তিনি বলেন, এ সমস্যা ছাত্রদল ও ছাত্রফ্রন্টের।
আন্দোলন চলাকালে কলেজ ক্যাম্পাসে কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে নির্ধরিত সময় অনুযায়ী বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ছাত্রীরা রোববার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে। তারা তাদের দাবি অনুযায়ী কলেজের সব হল থেকে রাজনৈতিক ও অবৈধ ছাত্রীদের বহিষ্কারের শ্লোগান দেয়। এ সময় তারা ছাত্রী ও সাংবাদিকদের সম্বন্ধে অধ্যক্ষের মন্তব্যের প্ল্যাকার্ড বহন করছিলো। অবস্থান ধর্মঘট চলাকালে ছাত্রদল নেত্রী ও কর্মীরা হল থেকে রাজনৈতিক ছাত্রী বহিষ্কার করার দাবির প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল করে।
এ ব্যাপারে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাসলিমা আক্তার রেহানা বলেন, মিথ্যা বানোয়াট ইস্যুকে কেন্দ্র করে কিছু ছাত্রী শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে।
ছাত্রদল নেত্রী নিশিতা অভিযোগ করে বলেন, যারা সাধারণ ছাত্রীর ব্যানারে রয়েছে তারা মূলত ছাত্রফ্রন্টের কর্মী। শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্টের জন্যে তারা এ কাজ করছে। তিনি আরো বলেন, এখানে যারা আন্দোলন করছে তাদের অধিকাংশই হলের না। তারা বাইরে থাকে।
আফরীন জাহান সীমার বহিষ্কার সম্পর্কে তিনি বলেন, একজনের জন্যে সব ছাত্রীদের বহিষ্কারের দাবি অযৌক্তিক।
এদিকে সাধারণ ছাত্রীদের ব্যানারে অবস্থান ধর্মঘটের সময় আন্দোলনরত মাস্টার্সের ছাত্রী জহুরার গায়ে হাত তোলা নিয়ে কথা কাটাকাটি হয় ছাত্রদল নেত্রী নিশিতা ও জহুরার মধ্যে। অবশ্য একথা অস্বীকার করেন ছাত্রদল নেত্রী নিশিতা।
আন্দোলনরত ছাত্রীরা অভিযোগ করেন, রাজনৈতিক সিট বাণিজ্যের কারণে অনেককেই হলে সিট না পেয়ে নীলক্ষেত ও আশপাশের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতে হয়, একেবারেই অনৈতিক। কারণ এদের অনেকেরই হলে ওঠার জন্যে অফিসিয়াল সিরিয়াল থাকা সত্ত্বেও হলে উঠতে পারেনা। ফলে পরীক্ষার সময় তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
ছাত্রীরা অভিযোগ করেন, সকালে ছাত্রদল নেত্রীরা ছাত্রীদের আন্দোলন না করার হুমকি দেন।
