২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

টাঙ্গাইলে ১২ জনসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কীতে শনিবার ভোরে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত এবং ২৮ জন আহত হয়।

আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (গাজীপুর-ট-০২-০০৮১) ৪০ জন দিনমজুর নিয়ে ভোর সাড়ে ৪টার দিকে জামুর্কীর কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এতে সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে বস্তার নিচে চাপা পড়ে ১২ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে গাইবান্ধার ভোলা (৩০), আওয়াল (২২), বগুড়ার কাহারোল ইউনিয়নের কালিতলাভুষন গ্রামের সানোয়ার হোসেন (২৬), শিবগঞ্জ উপজেলার সাওজার রহমান (৪৫), সাতুয়া গ্রামের ইদ্রিস আলী (৩০), বেলার (২৫) ও নাটোর জেলার সাইদুল ইসলাম (৩২)।

এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে গাজীপুর জেলার ভাওয়াল বদরে আলম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় দু’ মোটর সাইকেল আরোহী নিহত হয়।

খুলনা ও সাতক্ষীরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় দুইজন ও খুলনায় একজন নিহত হয়।

মৌলভীবাজারে অপর দুর্ঘটনায় দুইজন নিহত এবং ১০জন আহত হয়েছে।