২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণগ্রেপ্তারের বিরুদ্ধে হাইকোর্টের জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছে সুপ্রিমকোর্ট

বিরোধী ১৪ দলীয় জোটের ঢাকামুখী লংমার্চের অব্যবহিত আগে ও লংমার্চ চলাকালে জোট নেতা-কর্মী ও সাধারণ নাগরিকদের গণগ্রেপ্তারের ওপর হাইকোর্টের জারি করা নিষেধাজ্ঞা সংশোধনপূর্বক সুপ্রিম কোর্ট মঙ্গলবার বহাল রেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 07:02 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের ৮৬ নম্বর ধারা সংশোধন করেছেন।

হাইকোর্টের জারি করা নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সরকারের আবেদনের ওপর শুনানির পর আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি আমিরুল কবীর চৌধুরী ডিএমপি’র ৮৬ নম্বর ধারা ও কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ৫৪ নম্বর ধারার আওতায় ৩-৫ ফেব্রুয়ারি গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয়ের বিস্তারিত বিবরণ প্রকাশের সময়সীমা পূর্বঘোষিত দুই সপ্তাহ থেকে বৃদ্ধি করে চার সপ্তাহে উন্নীত করেন। 

চেম্বার বিচারক সংশোধিত আদেশে বলেন, ডিএমপি’র ৮৬ নম্বর ধারা ও কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ৫৪ নম্বর ধারার আওতায় কোন ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া দিকনির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অনুসরণ করতে হবে।

২০০৪ সালের ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট সরকারকে দেওয়া এক আদেশ জানিয়েছিলেন, সূর্যোদয় ও সূর্যাস্তের মাঝখানে কাউকে অস্ত্র, বিপজ্জনক যন্ত্রপাতি ও ঘরবাড়ি ভাঙ্গার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি কোনও সন্তোষজনক কারণ ছাড়া কেউ বহন না করলে, তাকে গ্রেপ্তার করা যাবে না।

এর আগে ৫ ফেব্রুয়ারি রোববার হাইকোর্ট সরকারের গণগ্রেপ্তারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

বিচারপতি এম এ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ডিএমপি’র ৮৬ নম্বর ধারা এবং কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ৫৪ নম্বর ধারার আওতায় গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয়ের বিস্তারিত বিবরণ দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করতে সরকারকে নির্দেশ দেন।

বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জেডআই খান পান্নার জনস্বার্থে (পিআইএল) দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গণগ্রেপ্তারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

পাশাপাশি বিরোধী জোটের কর্মী ও সাধারণ নাগরিকদের গণগ্রেপ্তারের ঘটনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে হাইকোর্ট সরকারের ওপর একটি রুল জারি করেন।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বিরোধী জোটের ঢাকামুখী চারদিনের ঐতিহাসিক লংমার্চের অব্যবহিত আগে ও লংমার্চ চলাকালে পুলিশ দেশের বিভিন্ন এলাকা থেকে জোটের কয়েক হাজার তৃণমূল পর্যায়ের কর্মী--সমর্থক ও সাধারণ নাগরিককে গ্রেপ্তার করার প্রেক্ষিতে হাইকোর্ট গণগ্রেপ্তারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।

পুলিশের গণগ্রেপ্তার ও নাজেহালের হাত থেকে সাধারণ নাগরিকরাও বাদ যায়নি। এদিকে রাজধানী ঢাকার প্রায় সব থানায় এসময় গ্রেপ্তারকৃতদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

আবেদনে সরকারের স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এবং মহাপরিদর্শককে (প্রিজন) বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, বিরোধী জোটের ঢাকামুখী লংমার্চ ও লংমার্চ-পরবর্তী মহাসমাবেশকে ব্যর্থ করতে পুলিশ গণগ্রেপ্তারের আশ্রয় নেয় এবং পত্রিকার রিপোর্ট অনুযায়ী, এ সময় তারা, আট হাজারের মত লোককে গ্রেপ্তার করে।

আবেদনকারীদের পক্ষের কৌসুলি ড. কামাল হোসেন আদালতে বলেন, গণগ্রেপ্তার মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার বিরোধী।

তিনি বলেন, ডিএমপি’র ৮৬ নম্বর ধারা এবং কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ৫৪ নম্বর ধারার আওতায় গণগ্রেপ্তার মামলায় হাইকোর্ট বিভাগ বেশ কিছু নির্দেশ দিয়েছেন। কিন্তু সরকার আদালতের সে নির্দেশ মানছে না।

অপরদিকে অতিরিক্ত এটর্নি জেনারেল (এএজি) আব্দুর রাজ্জাক খান ও ডেপুটি এটর্নি জেনারেল (ডিএজি) হেলালউদ্দিন মোল্লা সরকারের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।