২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জামায়াত নেতার গানম্যানের হাতে যুবলীগ নেতা লাঞ্ছিত

হরতালের সময় জামায়াতের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পারওয়ারের গাড়ি বহর ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ায় এক যুবলীগ নেতাকে মারধর করেছে তার গানম্যান।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

বেলা ১১টায় গোলাম পারওয়ারের বহরের ৬টি গাড়ি গুটুদিয়া বাস স্ট্যান্ডে ব্যারিকেডের সামনে পড়ে।

এ সময় সাবেক সাংসদের গানম্যান আব্দুল আজাদ ব্যারিকেড তুলে নিতে বললে যুবলীগের নেতা কর্মীরা তা অগ্রাহ্য করে।

এ পর্যায়ে গানম্যান যুবলীগ গুটুদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বায়োজিদ ফকিরকে মারধর করে।

উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে ব্যারিকেড তুলে দিলে সাবেক সাংসদ গাড়ি বহর নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে উপজেলা পরিষদের চলে যান।

তবে যুবলীগ নেতাকে মারধরের কথা অস্বীকার করেছেন গোলাম পারওয়ার। তিনি বলেন, যুবলীগের নেতা কর্মীরা তার গাড়ি ভাংচুর করতে চেয়েছিল।