রাজধানীতে চোরাই পুরাকীর্তিসহ ৯ জন গ্রেপ্তার
রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে অভিযান চালিয়ে র্যাব বুধবার রাতে বিপুল পরিমাণ পুরাকীর্তিসহ নয় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
র্যাব-৩ এর একটি দল গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেল তিনটার দিকে গুলশান দুই নাম্বারের ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলায় হস্তশিল্পের কয়েকটি অভিযান চালায়। র্যাব সদস্যরা রাত ১১ টা পর্যন্ত মার্কেটের নয়টি দোকানে তল্লাশী চালিয়ে চোরাই পুরাকীর্তি সন্দেহে বিপুল পরিমাণ হস্তশিল্প সামগ্রী উদ্ধার করে। সেখান থেকে একই সময় ৯ ব্যক্তিকে আটক করে র্যাব-৩ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরে প্রত্নতত্ত অধিদপ্তরের কর্মকর্তাদের খবর দেওয়া হলে বৃহস্পতিবার সকাল থেকে দীর্ঘ পরীক্ষা-নীরিক্ষা শেষে উদ্ধারকৃত সামগ্রীর অধিকাংশই পুরাকীর্তি বলে তারা নিশ্চিত করেন।
প্রত্নতত্ত অধিদপ্তরের পরীক্ষক দলে ছিলেন লালবাগ কেল্লার কিউরেটর হাবিবুর রহমান এবং অধিদপ্তরের উপ-পরিচালক খালেকুজ্জামান।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ রুস্তম আলী শেখ (৪২), মোঃ আব্দুল হালিম (৬৮), মোঃ কবীর মিয়া (৬২), মোঃ আবুল হোসেন (৫৩), মোঃ ইমরান হোসেন (৫২), মোস্তফা জাভেদ কামাল (২৪), মোঃ আজিম (৪৫), শফি কামাল বাবু (২৪) এবং মোঃ জসিমউদ্দিন (২৮)কে বৃহস্পতিবার দুপুরে আদালতে চালান করা হয়েছে।
প্রত্নতত্ত অধিদপ্তরের পরিচালক ড. শফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা আগেই এ বিষয়ে র্যাবকে জানিয়েছিলাম। উদ্ধার করা মালামাল পরীক্ষার জন্য র্যাব কার্যালয়ে আমাদের কর্মকর্তা পাঠানো হয়েছে।”
তিনি আরো বলেন,“দেশের বিভিন্ন অঞ্চলে পুরাকীর্তি পাচারকারী চক্রের একটি বড় নেটওয়ার্ক রয়েছে। তারা গোপনে এসব পুরাকীর্তি সংগ্রহ ও বিক্রি করে থাকে।” ।
অবৈধ পুরাকীর্তি সংগ্রহ ও পাচার রোধের ব্যাপারে তিনি বলেন, “ম্যাজিস্ট্রেসি বা সরাসরি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা কোন তথ্য পেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে থাকি।”
