২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের দাবি দিবস ২৪ ডিসেম্বর

দেশ, সংবিধান ও আদালত বাঁচাও-এই শ্লোগান তুলে আইনজীবীরা আগামী ২৪ ডিসেম্বর দাবি দিবস পালন করবেন। সেদিন সারাদেশের আদালতে অনুষ্ঠিত হবে প্রতিবাদ সভা ও সমাবেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বুধবার এক প্রতিবাদ সভায় সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।

আমীর উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মো. ওজায়ের ফারুক, মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুব্রত চৌধুরী, সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন ও সাবেক সম্পাদক ইনায়েতুর রহিম।

সমিতি আয়োজিত সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় আইনজীবীরা দায়ী নন বলে সমিতির তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধান বিচারপতির বন্ধ এজলাস কে বা কারা ভাংচুর করল এবং কে বা কারা জাতীয় পতাকা অবমাননার মিথ্যা কাহিনী তৈরি করল তা খুঁজে বের করতে হবে।

প্রস্তাবে আরও বলা হয়, বিচারপতিদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, আইনজীবীদের বিরুদ্ধে মামলা ও আদালত অবমাননার রুলজারি করার সঙ্গে চার দলের দাবির হুবহু মিল রয়েছে। বিচারকদের সিদ্ধান্ত ও এর বাস্তবায়নের ফলে একটি রাজনৈতিক জোটের কর্মসূচিই বাস্তবায়িত হয়েছে। এর ফলে সুবিচারের দরজা বন্ধ হয়ে গেছে।

বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে বিচারপতিদের ওই সিদ্ধান্ত ও মিথ্যা মামলা প্রত্যাহার, বেঞ্চ গঠনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা এবং বেঞ্চ ও বারের মধ্যে সুসম্পর্ক ও রাজনীতিমূক্ত বিচারালয় প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় সমিতির প্রস্তাবে।

প্রস্তাবে বলা হয়, শুনানী ছাড়া মামলায় তড়িঘড়ি রায় প্রদান ও হাইকোর্ট বিভাগের রায় বিনা নোটিশে স্থগিত করার ফলে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়ে তার হাতে ক্ষমতা অর্পণ, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে দেশ ও সংবিধান রক্ষার জন্য দেশবাসীর প্রতিও প্রস্তাবে আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, বিএনপি জামায়াত জোট সরকার গত ৫ বছর ধরে সুপ্রিম কোর্ট দলীয়করণ করেছে। এএজি, ডিএজি ছাড়াও এমন এক ব্যক্তিকে বিচারপতি করা হয়েছে, যিনি সমিতির সভাপতির দিকে চেয়ার ও ক্যামেরা ছুড়ে মেরেছিলেন। আর তিনিই কয়েকদিন আগে শুনানী ছাড়াই দুই বছর জেল দিয়েছেন এক ব্যাক্তিকে।

তিনি বলেন, বিচারপতি আজিজের একই সঙ্গে বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন নিয়ে রুল জারির পর ওই বেঞ্চের ক্ষমতা কেড়ে নেয়া হয়। এভাবে প্রধান বিচারপতি অন্তত ১৪টি অঘটন ঘটিয়েছেন।

ব্যারিষ্টার আমীর বলেন, আইনজীবীরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে উচ্চ স্থানে রাখতে চেষ্টা করেন। কিন্তু বিচারকগণ যদি তাদের সম্মান রক্ষা করতে না পারেন সেজন্য আইনজীবীরা দায়ী নন।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত তথ্য প্রদানের রায়ের ওপর পূর্ণাঙ্গ বেঞ্চ যেখানে স্থগিতাদেশ দেয়নি সেখানে চেম্বার বিচারপতি স্থগিতাদেশ দিয়েছেন। এ ধরনের নজীর বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, ১২ টি দপ্তর নিয়ে ইয়াজউদ্দিনও রাবনের মতো ১২টি মাথার অধিকারী হয়ে গেছেন। তিনি সংবিধান ভেঙ্গে প্রধান উপদেষ্টা হয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারকে নিরপেক্ষ হতে হবে। ভোটার তালিকা সঠিক হতে হবে। কারণ সঠিক ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত।

ব্যারিস্টার আমীর বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে, এ রকম কোন বাধ্যবাধকতা নেই। তিনি প্রশ্ন রাখেন, সংবিধানের কোথায় লেখা আছে ৯০ দিনে পার হয়ে গেলে আর নির্বাচন হবে না? ওয়াক্তের ভেতর নামাজ পড়তে হবে ঠিক আছে। কিন্তু ওয়াক্ত শেষ হয়ে গেলে নামাজ পড়া যাবে না একথা কোথায় বলা আছে?

তিনি আরো বলেন, অ্যাক্ট অব গড অনুয়ায়ী, ১শ ৮০ দিনের মধ্যেও নির্বাচন হতে পারে। তবে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে হতে হবে। যেদিন থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সত্যিকারভাবে গঠিত হবে সেদিন থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে।

ব্যারিস্টার আমীর বলেন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন পুনর্গঠন ও নতুন করে তফশিল ঘোষণা করার পরই কেবল সুষ্ঠু নির্বাচন হতে পারে।

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, আমরা ভোটারবিহীন ১৯৯৬ সালের ১৫ ফেরুয়ারির মতো নির্বাচন এদেশে হতে দেব না।

ওজায়ের ফারুক বলেন, দেশের মানুষকে ভোটের অধিকার দেয়ার পাশাপাশি রাষ্ট্রপতি পদত্যাগ করলে দেশ, গণতন্ত্র, সংবিধান, আদালত সবই বাঁচবে।

আবদুল বাসেত মজুমদার বলেন, ভোটার তালিকা সংশোধন করেই নির্বাচন করতে হবে। খালেদা জিয়ার হুমকিতে ৯০ দিনের মধ্যে ভোটারবিহীন নির্বাচন করতে দেয়া হবে না।