ডিসিসির সাবেক ও বর্তমান সচিবের মধ্যে টানাটানি
দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে দড়ি টানাটানি শুরু হয়েছে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক ও বর্তমান সচিবের মধ্যে। নিয়োগ পাওয়ার এক মাস পর দায়িত্ব বুঝে না পেয়ে নতুন সচিব প্রতিদিনই ডিসিসিতে ধরনা দিচ্ছেন।
ডিসিসি সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর ডিসিসির সাবেক সচিব আলমগীর হোসেন খানকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক হিসেবে বদলি করা হয়। সেই সঙ্গে তার পদে নিয়োগ দেওয়া হয় যশোরের সাবেক জেলা প্রশাসক মজিবুর রহমানকে। কিন্তু ১৫ ডিসেম্বর পর্যন্ত আলমগীর হোসেন নতুন নিয়োগ প্রাপ্ত সচিবের কাছে দায়িত্ব হস্তান্তর করেননি।
অভিযোগ উঠেছে, ২০০২ সালে সচিব হিসেবে যোগদান করার পর থেকেই আলমগীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। বিএডিসির সদস্য পরিচালক হিসেবে বদলির আগেও তাকে নির্বাচন কমিশনে যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছিলো। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি সেখানে যোগদান করেননি। এখনো তিনি যেকোনো উপায়ে ডিসিসিতেই থেকে যেতে চাচ্ছেন।
এদিকে সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন যুগ্ম সচিব পদ মর্যাদার বিএডিসির সদস্য পরিচালকের পরিবর্তে ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ পাওয়ার জন্য তদবির করে যাচ্ছেন।
বর্তমানে ডিসিসির প্রধান নির্র্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছেন মো. সাইফুদ্দিন আহমেদ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিষয়টি আমিও শুনেছি। তবে তা সঠিক কিনা জানি না।”
আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ প্রসঙ্গে ডিসিসির নতুন নিয়োগ প্রাপ্ত সচিব মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আমি মেয়রের সঙ্গে দেখা করে সচিব হিসেবে যোগদান করেছি। তবে দায়িত্ব এখনো বুঝে পাইনি। আশা করছি কয়েকদিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে।”
