১০ দিনের রিমান্ডে তুর্য হত্যা মামলার ৪ আসামী
ঢাকার উত্তরার তুর্য হত্যা মামলার চার আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন পুলিশী হেফাজতে রাখার অনুমতি দিয়েছে আদালত।
আসামীদের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে পুলিশ মঙ্গলবার এদের আদালতে হাজির করার পর আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
আসামীরা অপহরণের ৪৩ দিন পর এক স্বর্ণ ব্যবসায়ীর ছেলে তুর্য ঘোষ রনিকে কয়েক টুকরা করে হত্যা করেছিল।
ওই ঘটনায় শিউলি আখতারকে প্রধান আসামী করে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী কমিশনার (এসি) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা আগেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তবে চাঁদাবাজি বা মুক্তিপণ ছাড়াও অন্য কোন উদ্দেশ্যে তুর্যকে হত্যা করা হয় কিনা অথবা নেপথ্যে কোন শক্তি জড়িত কি না তা জানার জন্য আসামীদের পুলিশ রিমান্ডে নেওয়া দরকার।”
তুর্যের পরিবার থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর বিকেলে তুর্য তার মোটর সাইকেল নিয়ে বের হওয়ার পর তাকে জিম্মি করা হয়। ৩০ নভেম্বর তার বাবা পূরবী জুয়েলার্সের মালিক জগন্নাথ ঘোষের মোবাইলে ফোন করে ছেলের জীবনের বিনিময়ে এক কোটি টাকা ও ১০০ ভরি স্বর্ণ দাবি করে অপহরণকারীরা।
তাদের দাবি অনুসারে তুর্যের মা মিরপুর স্টেডিয়াম এলাকায় গিয়ে ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ ভর্তি একটি ব্যাগ রেখে আসেন।
এরপরও তুর্য ফিরে না আসায় গত ৭ নভেম্বর উত্তরা থানায় একটি মামলা হয়। পরদিন তার মোটর সাইকেলটি উদ্ধার হয় শাহবাগ এলাকা থেকে।
তবে উত্তরা পুলিশ কোন তথ্য উদ্ধার করতে না পারায় মামলাটি ডিবি পুলিশশের কাছে হস্তান্তর করা হয়।
গ্র্রেপ্তার হওয়া শিউলি আখতার, বরগুনার আবু সাঈদ, খুলনার সন্দেহভাজন সন্ত্রাসী খোড়া লিটন ও তার ভাই মামুনকে র্যাব ও ডিবি পুলিশ গত কয়েক দিনে বিভিন্ন সময়ে কেরানীগঞ্জ, গুলিস্তান ও রামপুরা এলাকা থেকে আটক করে।
তাদের স্বীকারোক্তি অনুসারে ডিবি ও র্যাব সদস্যরা রামপুরার একটি ঝিলপাড় থেকে এবং একটি পাওয়ার হাউজের পাশ থেকে সোমবার তুর্যের লাশের টুকরগুলো উদ্ধার করে।
আসামীরা অবশ্য ডিবি পুলিশ ও র্যাবকে জানিয়েছিল, অপহরণের রাতেই তুর্যকে হত্যা করা হয়।
ডিবি-এসি আব্দুর রাজ্জাক বলেন, “শিউলি একজন কলগার্ল এবং পূর্ব পরিচয়ের সূত্র ধরে তুযর্কে জিম্মি করা হয়।”
তিনি আরও জানান, “বিষয়টি এখনও রহস্যে ঘেরা। তাই তদন্তে বলার মতো কোন অগ্রগতি নেই।”
