২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের জাপানি বোট মামলার শুনানি শুরু

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের করা জাপানি বোট ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার আপিলের শুনানি মঙ্গলবার হাইকোর্টে শুরু হয়েছে। বুধবার দুপুর দুইটা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত মুলতবি করা হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

আদালত আপিলকারী পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নথি থেকে অনুলিপি করে নেওয়ার অনুমতি দিয়েছে।

মঙ্গলবার বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর হাইকোর্ট বেঞ্চ আপিলের ওপর আংশিক শুনানি গ্রহণ করে এসব আদেশ দেয়।

শুনানির শুরুতেই এরশাদের পক্ষের কৌসুলি আজমালুল হোসেন কিউসি বলেন, এ মামলায় পেপারবুক তৈরির পর দেখা যায় এতে প্রয়োজনীয় কাগজপত্র নেই। এরপর আদালতের নির্দেশে সম্পূরক পেপারবুক তৈরি করা হলে তাতেও সকল কাগজপত্র অন্তর্ভুক্ত হয়নি।

আজমালুল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার প্রয়োজনীয় কাগজপত্র একজন আদালতের কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর উপস্থিতিতে অনুলিপি করার অনুমতি দেন।

আজমালুল হোসেন শুনানিতে দৈনিক ভোরের কাগজের সান্ধ্য সংস্করণ ‘দিনের শেষে’ তে প্রকাশিত একটি প্রতিবেদনের কপি আদালতে উপস্থাপন করে বলেন, সেখানে রাষ্ট্রপক্ষের কৌসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লার মন্তব্য প্রকাশিত হয়েছে যে , এ মামলার সাক্ষ্য প্রমাণ দেখে মনে হয় নিম্ন আদালতের সাজা হাইকোর্টে বহাল থাকবে। এছাড়া ওই প্রতিবেদনে বলা হয়, এরশাদের সাজা বহাল হলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

তিনি বলেন, বিচারাধীন বিষয়ে আদালতের বাইরে সাংবাদিকদের কাছে কোন পক্ষের কৌঁসুলীরই মন্তব্য না করাই বাঞ্ছনীয়। জবাবে হেলালউদ্দিন মোল্লা বলেন, আমি আমার মন্তব্য প্রকাশ করেছি মাত্র।

আদালত আজমালুল হোসেনের বক্তব্য আদেশে রেকর্ড করে রাখেন।

১৯৮৯ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ত্রাণ মন্ত্রনালয় ৫শ ২০ টি নৌযান ও ১০ টি পানি পরিশোধন যন্ত্র ক্রয় করার ক্ষেত্রে এরশাদ প্রভাব বিস্তার করে ৩৩ কোটি টাকা আত্মসাৎ করে সরকারের ক্ষতিসাধন করেছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৯৯৫ সালের ৬ জুলাই ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন।