নোবেল শান্তি পুরস্কার নিলেন অধ্যাপক ইউনূস
ক্ষুদ্র ঋণদানের অগ্রদূত অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে আনুষ্ঠানিকভাবে ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
একইসঙ্গে দুই দশকেরও বেশি সময় আগে অধ্যাপক ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য মোসাম্মৎ তাসলিমা বেগম। গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে যৌথভাবে ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
অসলোর সিটি হলে আয়োজিত জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের রাণী সোফিয়াসহ ৯৯২জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব।
নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস তাঁর লিখিত বক্তব্যে পুরো বিশ্ববাসীর উদ্দেশে বলেন, “দারিদ্র্য শান্তির জন্য হুমকি।”
দারিদ্র্যের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “কোনো রকম মানবাধিকার না থাকার অর্থই হলো দারিদ্র্য। চরম দারিদ্র্যজনিত হতাশা, বৈরিতা ও ক্ষোভে কোনো সমাজে শান্তি টেকসই হতে পারে না। তাই স্থায়ী শান্তির জন্য আমাদেরকে অবশ্যই মানুষ যাতে একটা সুন্দর জীবনযাপন করতে পারে সেজন্য তাদের সুযোগ করে দিতে হবে।”
গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে অধ্যাপক ইউনূস ১৯৭৪ সালে বাংলাদেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ এবং আকালের কথা বলেছেন।
নোবেল বক্তৃতা শেষে বেরিয়ে এসে সিটি হলের সামনে অপেক্ষমান সাংবাদিকদের ইউনূস বলেন, “এ গৌরব শুধু আমার একার নয়, এ পুরো বাংলাদেশের গৌরব।”
অন্যদিকে তাসলিমা বেগম বলেছেন, “আমার খুব ভালো লাগছে। এরা আমাদের খুব আদরযত্ন করেছে।”
অসলো সময় দুপুর একটার চার মিনিট আগে গ্রামীণ ব্যাংক এর প্রতিনিধি তাসলিমাকে নিয়ে ইউনূস নরওয়েজীয় নোবেল কমিটির সদস্যদের সঙ্গে মিলিত হন। একটা বাজার এক মিনিট আগে সিটি হলে আসেন রাজা হেরাল্ড, রানী সনিয়া, যুবরাজ হাকন এবং যুবরাজ্ঞী মেটে মারিট।
দুপুর একটায় ইয়োহান সেবাস্টিয়ান বাখের সুরে ক্রিস্টিয়ান ইল হ্যাডল্যান্ড এর পিয়ানো বাদনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পাঁচ মিনিট ধরে বি মেজরে বাজানো হয় বাখের অমর সুর পারটিটা নাম্বার ওয়ান।
এরপর নোবেল কমিটির চেয়ায়ম্যান ওলে ড্যানবোল্ট মায়োস ২০ মিনিট ধরে বক্তব্য রাখেন। একপর্যায়ে বিপুল হর্ষধ্বনির মধ্যে তিনি বাংলায় বলেন, “আপনাদের সবাইকে উষ্ণ অভিনন্দন।”
এর পরপরই বাংলাদেশের নাচের দল নৃত্যাঞ্চল পরিবেশণ করে ‘রাঙ্গিয়ে দিয়ে যাও’ শীর্ষক বৃন্দনৃত্য।
পাঁচ মিনিট পর অসলো সময় একটা ৩৫ মিনিটে এবং বাংলাদেশ সময় সন্ধ্যো ছয়টা ৩৫ এ আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কারটি তুলে দেওয়া হয় অধ্যাপক ইউনূসের হাতে।
দুপুর পৌনে দুইটায় শুরু হয় অধ্যাপক ইউনূসের ‘নোবেল বক্তব্য’।
এর আগে সকালেই রেড বারনার (সেভ দ্য চিলড্রেন) আয়োজনে ক্রিশ্চিয়ানা থিয়েটারে শিশুদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হয়ে যায় অধ্যাপক ইউনূসের ব্যস্ত সফরসূচি।
নোবেল বিজয়ী ড. ইউনূস ৭৭ জন সফরসঙ্গী নিয়ে অসলোর গার্ডারমোন বিমানবন্দরে পৌঁছেন শুক্রবার।
গত ১৩ অক্টোবর অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংককে যৌথভাবে ওই পুরস্কার দেবার কথা ঘোষণা করা হয়। তখন নোবেল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সমাজের বড় একটা জনগোষ্ঠী দারিদ্র থেকে মুক্তির উপায় খুঁজে না পেলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এর একটি উপায় ক্ষুদ্র ঋণ।
ক্ষুদ্র ঋণ দানের মতো অভিনব অর্থনৈতিক কর্মসূচি ব্যবহার করে তৃণমূল পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের অবদানের কথাও ওই বিজ্ঞপ্তিতে উলে¬খ করা হয়।
১৩ লাখ ৬০ হাজার ডলার মূল্যের এই পুরস্কারের জন্য এ বছর প্রার্থী ছিলেন ১৯১ জন। পুরস্কার পাওয়ার পর নরওয়ের টেলিভিশনে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, “আমি খুশি, খুবই খুশি। আপনারা দারিদ্র-মুক্ত বিশ্ব গঠনের স্বপ্নকে স্বীকৃতি দিয়েছেন।’
রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেনের পর ৬৬ বছর বয়স্ক ইউনূস হলেন তৃতীয় বাঙালি যিনি নোবেল পুরস্কার পেলেন।
এদিকে জীবনকে পাল্টে দেয়ার অদম্য আকাক্সক্ষা এবং গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ তাসলিমাকে আজ বিশ্বব্যাপী পরিচিত করে তুললেও এক সময় অভাবের কারণে পঞ্চম শ্রেণীর পরই স্কুল ছাড়তে হয়েছিল তাকে।
তাসলিমার স্বামীও ছিলেন অত্যন্ত দরিদ্র। স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং আয়ের তেমন কোনো উৎস তাদের ছিল না।
এই পরিস্থিতিতে ১৯৯২ সালে তিনি গ্রমীণ ব্যাংকের সদস্য হন। এরপর ধীরে ধীরে অবস্থা পাল্টে যায় তার ।
বর্তমানে গ্রামীণ ব্যাংকে তার সঞ্চয়ের পরিমাণ ৬০ হাজার টাকা। এছাড়া মৎস চাষ থেকে প্রতি বছর আয় করছেন ৩০ হাজার টাকা ।
নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার গ্রামীণ ব্যাংক সেন্টারে তিনি সবসময় সম্মানিত সদস্যের মর্যাদা পেয়েছেন। ব্যাংকের উন্নয়নে কঠোর প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে তাকে সেন্টার প্রধান নির্বাচিত করা হয়। পরবর্তীতে তিনি নির্বাচিত প্রতিনিধি হিসাবে গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ, এরিয়া এবং জোনে দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হন।
