২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় গোপন বৈঠক তদন্তে কমিটি আরও ২ সপ্তাহ সময় চেয়েছে

উত্তরায় গোপন বৈঠক তদন্তে গঠিত কমিটির বেঁধে দেওয়া সময় আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 01:33 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

অবশ্য নির্ধারিত সময়ের মধ্যে উত্তরার ঘটনাসহ ২০০১ সালে পান্ডা গার্ডেনে অনুষ্ঠিত সভা এবং ১৯৯৬ সালে গঠিত জনতার মঞ্চে অংশগ্রহণকারীদের নামের তালিকা প্রণয়ন ও অপরাধ চিহ্নিত করা সম্ভব কিনা এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান কৃষি সচিব এম আব্দুল আজিজ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি শুধু বলেছেন, “আমরা চেষ্টা করে যাচ্ছি।”

সচিবালয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম আব্দুল আজিজ একথা জানান। তিনি বলেন, “আমরা দুই সপ্তাহ সময় বাড়ানোর জন্য আবেদন করেছি এবং সময় বাড়ানো হবে বলে সংস্থাপন মন্ত্রণালয় নিশ্চিত করেছে।” তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে বলে জানান কৃষি সচিব। তিনি বলেন, “ইতিমধ্যে উত্তরার মাহমুদুর রহমানের ব্যবসায়িক কার্যালয়ে যারা যোগ দিয়েছেন মাহমুদুর রহমানসহ তাদের চিঠি দেওয়া হয়েছে। এ ব্যাপারে অনেকের সঙ্গে কথাও বলেছি আমরা। মাহমুদুর রহমান চিঠির উত্তরসহ কিছু তথ্য দিয়েছেন।”

এ ঘটনায় সহযোগিতার জন্য বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি পাঠানো হয়েছে বলে জানান কৃষি সচিব।

কমিটির কার্যপরিধির মধ্যে উত্তরার ঘটনার সঙ্গে ২০০১ সালে পান্ডা গার্ডেনে অনুষ্ঠিত সভা এবং ১৯৯৬ সালে গঠিত জনতার মঞ্চে অংশগ্রহণকারীদের নামের তালিকা প্রণয়ন ও অপরাধ চিহ্নিত করার কথা বলা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে তিনটি ঘটনা তদন্ত করা সম্ভব কিনা জানতে চাইলে কৃষি সচিব এম আব্দুল আজিজ বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।”