স্থবির হয়ে আছে যোগাযোগ মন্ত্রণালয়
সচিব নিয়োগ সংক্রান্ত জটিলতা নিরসনের আগে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী আর যোগাযোগ মন্ত্রণালয়ে যাবেন না। একারণে গত প্রায় ২৫ দিন ধরে যোগাযোগ মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজকর্ম অনেকটাই স্থবির হয়ে রয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে ইসমাইল জবিউল্লাহকে সচিবের দায়িত্ব দেওয়ার পর থেকেই হাসান মশহুদ আর এখানে আসছেন না।
হাসান মশহুদ চৌধুরী এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,“একজন সচিব নিয়োগ পাওয়ার পর আমার অজান্তে আরও একজন নতুন সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি মনে করি বিষয়টি আমার নজরে এনে দিলে ভালো হত বা এটি আমার জানার অধিকার আছে।”
এ ব্যাপারে তিনি আরো বলেন,“আগে যে সচিব ছিলেন তার সঙ্গে কাজকর্ম নিয়ে টিউনিং সৃষ্টি হয়েছিল। এখন যে নতুন সচিব আসলেন তাকে আবার নতুন করে কাজকর্ম বুঝে নিতে হবে। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমি সরকারের উপরের মহলকে অবহিত করেছি। আমি অপেক্ষা করছি কি নির্দেশ আসে তার জন্য। তারপরই কাজ শুরু করবো বলে আশা করছি।”
তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরদিন অক্টোবরের ২৯ তারিখ চুক্তিভিত্তিক নিয়োজিত সচিব শফিকুল ইসলামের চুক্তি বাতিল করে মোঃ আমিনুল ইসলামকে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু চারদিনের মাথায় আমিনুলকে সরিয়ে মোঃ ইসমাইল জবিউল্লাহকে যোগাযোগ সচিবপদে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই উপদেষ্টা হাসান যোগাযোগ মন্ত্রণালয়ে অনুপস্থিত রয়েছেন। এ ব্যাপারে জবিউল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে তার একান্ত সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এদিকে যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা যায় উপদেষ্টা অনুপস্থিতির কারণে সঠিক দিক নির্দেশনার অভাবে মন্ত্রণালয়ের যাবতীয় রুটিন ওয়ার্ক চরমভাবে ব্যাহত হচ্ছে ।
