২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিডিআর-বিএসএফের ব্যাপক গোলাগুলি

সাতক্ষীরা সীমান্তে আবারও বিডিআর ও বিএসএফের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

কলারোয়া উপজেলার কাকডাঙ্গা ও তলুইগাছা সীমান্তের তিনটি পয়েন্টে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি।

এ ঘটনায় সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

বিডিআর ৪১ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর কামরুল সীমান্তের তিনটি পয়েন্টে বিএসএফের ৪০ রাউন্ড গুলির জবাবে বিডিআরের ২০৫ রাউন্ড গুলিবর্ষণের কথা স্বীকার করেছেন।

এ ছাড়া বিডিআর ও সীমান্তের একাধিক সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানায়, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ১৯১ ব্যাটালিয়নের আওতাধীন তারালি ক্যাম্পের বিএসএফ জোয়ানরা সোমবার রাত ২টা ৮ মিনিটে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের কাছে বাংলাদেশ ভূ-খন্ড লক্ষ্য করে গুলি চালায়। জবাবে বিডিআর কাকডাঙ্গা বিওপির জোয়ানরা পাল্টা গুলি চালায়।

রাত ২টা ৩৫ মিনিটে বিএসএফ আমুদিয়া ক্যাম্পের জোয়ানরা কলারোয়া উপজেলার তুলইগাছা সীমান্তে গুলিবর্ষণ করলে বিডিআর তলুইগাছা ক্যাম্পের জোয়ানরাও পাল্টা গুলি চালায়। এভাবে ভোর ৫টা ১৮ মিনিট পর্যন্ত সাতক্ষীরার কাকডাঙ্গা ও তলুইগাছা সীমান্তের তিনটি পয়েন্টে থেমে থেমে বিডিআর ও বিএসএফের মধ্যে গুলি বিনিময় হয়।

সাতক্ষীরা সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ৪, ৫ ও ৬ এর কাছে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

বিডিআর ও বিএসএফের মধ্যে রাতভর গুলি বিনিময়ের ঘটনায় সীমান্তের কাকডাঙ্গা, ভাদিয়ালি, কেড়াগাছি ও তলুইগাছা গ্রামের সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

অনেকেই ওই রাতে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নেয়।

এ ঘটনায় সাতক্ষীরা সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে উত্তজেনা দেখা দিয়েছে। উভয়ে সীমান্তে টহল জোরদার করেছে।

বিডিআর ৪১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোমিন ও মেজর কামরুল সীমান্ত পরিদর্শন করেছেন।