২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধি বহির্ভূতভাবে আবাসনভাতা প্রদান, মঞ্জুরি কমিশনের নোটিশ

বিশ্ববিদ্যালয়ের আবাসনে বসবাস করা সত্ত্বেও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের বিধিবহির্ভূতভাবে আবাসন ভাতা দেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

নোটিশে বিষয়টিকে গুরতর আর্থিক অনিয়ম বলে উল্লেখ করা হয়।

নোটিশ পাওয়ার পর করনীয় নির্ধারণের জন্য শনিবার সন্ধ্যায় উপাচার্য লাউঞ্জে বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব শাখার পরিচালক মুহাম্মদ ইব্রাহীম কবির স্বাক্ষরিত নোটিশটি ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়।

নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসনে বসবাস করা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের বিধি বহির্ভূতভাবে বাড়ি ভাড়া ও ভাতা দেয়া হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসনে বসবাস করা সত্ত্বেও তাদের কিভাবে বাড়ি ভাড়া দেয়া হচ্ছে তা ইউজিসির বোধগম্য নয়। বিষয়টিকে গুরুতর আর্থিক অনিয়ম উল্লেখ করে বাড়ি ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানানোর নির্দেশ দেয়া হয়।

এছাড়া অবিলম্বে বাড়ি ভাড়া ও ভাতা দেয়া বন্ধ করে ইতিমধ্যে দেয়া সমুদয় অর্থ আদায়ের ব্যবস্থা নিয়ে তা জরুরী ভিত্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অবগত করার জন্যেও নোটিশে নির্দেশ দেয়া হয়েছে। তা না হলে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কিস্তির অর্থ ছাড় করা কমিশনের পক্ষে সম্ভব হবে না বলেও নোটিশে জানানো হয়।

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রফ্রন্ট শনিবার এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিরপেক্ষ তদন্তসহ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তারা ব্যাপারটি খতিয়ে দেখছে বলেও তিনি জানান।

উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন নোটিশের সত্যতা স্বীকার করে বলেন, এ সম্পর্কে করণীয় নির্ধারণের জন্য শনিবার বিশেষ সিন্ডিকেট সভা ডাকা হয়েছে ।