মনে রাখার মতো জমজমাট উদ্বোধন হলো ছবিমেলা-৪ এর
বাংলাদেশে ফটো সাংবাদিকতার কিংবদন্তি রশীদ তালুকদারকে তার অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কারটা তুলে দিলেন প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিএম শফি সামি। সঙ্গে সঙ্গেই ছবিমেলা-৪ এর আয়োজক দৃক আলোকচিত্র গ্রন্থাগারের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম মাইক্রোফোন হাতে সোল্লাসে অভিনন্দন জানালেন তাকে।
গোটা মিলনায়তন তার সাথে গলা মেলায়। অভ্যাগতদের সাথে মিলে গেল বিদেশি অতিথি ও আলোকচিত্রীদের কণ্ঠও। সুর একটাই-বাংলাদেশে আলোকচিত্রের সাথে জড়িত মানুষগুলোকে অভিনন্দন, বাংলাদেশের উষ্ণ হৃদয়ের মানুষগুলোকেও অভিনন্দন।
দৃশ্যটা বৃহস্পতিবার সন্ধ্যার। স্থান জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তন। এশিয়ার অন্যতম বড় আলোকচিত্র প্রদর্শনী ছবিমেলা-৪ এর উদ্বোধনী অনুষ্ঠানের মুহূর্ত।
এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যাত্রা করে টিএসসির রাজু ভাস্কর্য ঘুরে আবার আগের জায়গায় এসে শেষ হয় একটি উদ্বোধনী মিছিল। গোটা মিছিলটা শেষদিকে আনন্দ মিছিলে পরিণত হং। দৃক আর তার আলোকচিত্রের ইশকুল ‘পাঠশালা’র শিক্ষার্থীরা সারাটা রাস্তা নাচলো গাইলো তো বটেই, এক পর্যায়ে ছবি মেলার পুরোহিত শহিদুলকে নিয়ে শুরু করলো লোফালুফি। এর মধ্যেও ক্রমাগত ক্যামেরার বোতাম টিপে যেতে ভুলছিলেন না তিনি।
শহিদুলের পর ধরা হলো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বনন্দিত আলোকচিত্রী মর্টেন ক্রগভোল্ডকে। মর্টেনের অবস্থাও তাই, একবার শূন্যে তো আরেকবার শিক্ষার্থীদের হাতে।
প্রথম দফার আনন্দযজ্ঞ শেষ হওয়ার পর সোজা জাদুঘরের ভেতরে। মিলনায়তনে ঢুকে একেবারে সামনের সারিতে পাওয়া গেলো উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের চিত্র সাংবাদিকতায় সবচেয়ে শ্রুত নামধারী ব্যক্তিটিকে। সৌম্যমুখে বসে থাকা রশীদ তালুকদার পুরস্কার হাতে নেওয়ার আগে সবার আগাম অভিনন্দনের জবাব দিচ্ছিলেন।
অতিথিদের মঞ্চে ওঠার আগে শহিদুলের আমন্ত্রণে এবারের মেলার প্রতিপাদ্য বিষয় ‘সীমানা’ নিয়ে গান বাঁধা কলকাতার কল্লোল গাইলেন সব সীমানা ভাঙার গান। এরপর একে একে বক্তৃতা রাখলেন ক্রগভোল্ড, বিশ্বখ্যাত এজেন্সি কন্ট্যাক্ট প্রেস ইমেজেসের সভাপতি রবার্ট প্লেজ, তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা সুলতানা কামাল, অস্ট্রেলীয় আলোকচিত্রী ট্রেন্ট পার্ক ও অস্ট্রেলীয় হাইকমিশনার ডগলাস ফসকেট।
এর মাঝে শহিদুল পাঠশালার বৃত্তি পাওয়া মানিকগঞ্জের ডলি আখতারকে মঞ্চে ডেকে আনলেন আনুষ্ঠানিকতার বেড়া ভেঙে। ডলির আবেগ ধরানো কথা শুনে শহিদুলের চোখে জল।
এরপর সবার বক্তৃতা শেষে আজীবন সম্মাননা পুরস্কার। দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী পিটার মাগুবানে আসতে পারেননি। বাংলাদেশেরই আরেক নন্দিত ছবিঅলা বিজন সরকার তার প্রক্সি হলেন সূত্রধরের আমন্ত্রণে। এরপর রশীদ তালুকার এলেন মঞ্চে, যার কথা বলে ফেলা হয়েছে সবার আগে।
শফি সামি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর অতিথিরা সবাই গ্যালারিতে গিয়ে ছবি দেখতে লাগলেন। তাদের গাইড উদ্বোধনী প্রদর্শনীর কিউরেটর প্লেজ। তার কথা আর কৌতূহল জাগানো ছবিগুলো দেখে বোঝা গেলো গত তিনটি আসরের মতো ৯-৩০ নভেম্বর অব্দি চলা এবারের ছবি মেলার ৪৯টা প্রদর্শনী জমবে আর জমিয়ে রাখবে দর্শকদের।
