সাবেক মন্ত্রী আমিনুল হকের ভাইয়ের নিয়োগ বাতিলের দাবি
সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই আসাদ-উজ-জামানকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
আগামী নির্বাচনে প্রভাব ফেলতেই তাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ আনেন গোদাগাড়ী-তানোর এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা।
তারা অবিলম্বে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভিতরে গত পাঁচ বছরে সংগঠিত ব্যাপক দলীয়করণ ও অনিয়ম দুর্নীতি তদন্ত করে আসাদ-উজ-জামানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোদাগাড়ীর বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আব্দুল মালেক, নুরুজ্জামান, সাজ্জাদ হোসেন প্রমুখ।
জনস্বার্থে এবং গোদাগাড়ী-তানোর এলাকায় দলীয় প্রভাবমুক্ত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই তারা এ উদ্যোগ নিয়েছেন বলে জানান।
এতে লিখিত বক্তব্যে বলা হয়, আসাদ-উজ-জামান বিপরীত রাজনৈতিক মতাদর্শের শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে মিথ্যা অজুহাতে সাময়িক বরখাস্ত করেছেন। বিএনপি-জামায়াতের লোকজনকে তিনি গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছেন। বিএমডিএর সুবিধা ব্যবহার করে কার্ব নামের এনজিও গঠন এবং নিজেই ওই এনজিওর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক পদে আসীন হয়েছেন।
এতে আরও বলা হয়, আসাদ উজ জামান নিজে এবং বিএমডিএ মাঠকর্মীরা প্রকাশ্যেই ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে প্রচার প্রচারণায় নেমেছেন। প্রচারণায় বিএমডিএর যানবাহনও ব্যবহার করা হচ্ছে বলে তারা জানান।
তবে আসাদ উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সবই মিথ্যা। তার ভাই নির্বাচন করবেন দলের নেতাকর্মীদের সাহায্য নিয়ে। তিনি ভাইয়ের পক্ষে কোন নির্বাচনী প্রচারাভিযান চালাচ্ছেন না বা চালাবেনও না।
