২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের দাবি না মিটিয়ে শফিক রেহমান ও তালেয়া রেহমান দেশ ছাড়তে পারবেন না

দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং তার স্ত্রী তালেয়া রেহমান সাংবাদিক ও অন্যান্য কর্মীদের দাবি না মিটিয়ে এবং আর্থিক দাবি পরিশোধ না করে কোনও নোটিস ছাড়া দেশত্যাগ করতে পারবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

দৈনিক যায়যায়দিন পত্রিকা কর্তৃপক্ষ এবং সংবাদকর্মীদের নিয়োজিত আইনজ্ঞদের উপস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে ড. কামাল হোসেনের চেম্বারে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সংবাদকর্মীদের পক্ষ থেকে ব্যারিস্টার তানজিব-উল-আলম এবং যায়যায়দিন কর্তৃপক্ষের তরফ থেকে অ্যাড. ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

দৈনিক যায়যায়দিনের প্রধান বার্তা সম্পাদক অমিত হাবিব এবং সিটি এডিটর আমীরুল ইসলাম টোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে চাকরিচ্যুত ১০৪ জন সংবাদকর্মীর পক্ষে অমিত হাবিব এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশকারী ৭০ জনের পক্ষে স্বাক্ষর করেন আমীরুল ইসলাম টোকন।

বিজ্ঞপ্তিতে সংহতি প্রকাশকারী ৭০ জন সাংবাদিক পত্রিকার যেসব সাংবাদিক ও কর্মীদের ছাঁটাই করা হয়নি তাদেরকেও ১০৪ জনের সঙ্গে ছাঁটাই করে দেওয়ার দাবি জানান। তারা সম্পাদক হিসাবে শফিক রেহমানের প্রতি অনাস্থা জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক স্বপ্ন, অনেক প্রতিশ্র“তি এবং দীর্ঘ প্রস্তুতির পর দৈনিক যায়যায়দিন প্রকাশের ১৪৪ দিনের মাথায় কোনও ধরনের পূর্বঘোষণা ছাড়াই ২৭ অক্টোবর পত্রিকাটি বন্ধ ঘোষণা করা হয়।

ঈদের ছুটি শেষে সংবাদকর্মীরা কাজে যোগ দিতে অফিসে এসে বন্ধের নোটিস দেখতে পান। বন্ধের নোটিসে কারও স্বাক্ষর ছিল না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

একই সঙ্গে কারণ দর্শানো ছাড়াই ওইদিন থেকে ১০৪ জন সাংবাদিক ও অন্যান্য বিভাগের কর্মীদের চাকরি থেকে ছাঁটাই করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, পত্রিকা বন্ধ এবং এর পরবর্তী ঘটনাবলী সম্পর্কে বরাবরই শফিক রেহমান ও তার প্রতিনিধি তালেয়া রেহমান বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। বন্ধের নোটিশে বলা হয়েছে, জেনারেটর ক্রটির কারণে পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ করা হয়েছে। অথচ একই দিনে আবার ১০৪ জনকে ছাঁটাই করা হয়েছে।