মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিদের আপিলের নিষ্পত্তি অনিশ্চিত
বর্তমান সরকারের আমলে বিচারক হত্যা মামলায় মৃতুদণ্ডাদেশ পাওয়া জেএমবির সাত জঙ্গির বিষয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে না।
আগামী ২৮ অক্টোবর জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের আগে সুপ্রিম কোর্ট আর মাত্র চারদিন খোলা থাকছে। এ সময়ের মধ্যে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত সাত জঙ্গির আপিলের বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি সম্ভব নয় বলে এ মামলায় আপিলকারী জঙ্গি খালেদ সাইফুল্লাহর আইনজীবী সুফিয়া খাতুন রোববার নফহবংি২৪.পড়স কে জানান।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের রোববারের কার্যতালিকায় জঙ্গিদের আপিলের বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি। সোমবারের কার্যতালিকায়ও মামলাটি নেই।
অ্যাডভোকেট সুফিয়া খাতুনের বক্তব্য সমর্থন করে এ মামলায় সরকার পক্ষে দায়িত্ব পালনকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা বলেন, ‘ঝালকাঠীর দুই বিচারক হত্যা মামলায় মৃতুদণ্ডাদেশ পাওয়া জঙ্গিদের আপিল শুনানির জন্য পেপার বুক তৈরি করতে হবে। প্রধান বিচারপতি শুনানির জন্য বেঞ্চ গঠন ও তারিখ নির্ধারণ করবেন এবং সরকার জঙ্গিদের পক্ষে আইনজীবী নিয়োগ করবে।’
এসব প্রক্রিয়া সম্পন্ন করে চারদিনের মধ্যে মামলাটির শুনানি নিষ্পত্তি সম্ভব নয় বলে তিনি আভাস দিয়েছেন।
২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির বোমা হামলায় ঝালকাঠীর সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২৯ আগস্ট ঝালকাঠীর আদালত জিএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইসহ সাত জঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ দেন।
গত ৩১ আগস্ট হাইকোর্ট এক আদেশে ঝালকাঠীর আদালতের আদেশ বহাল রাখে।
