২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সংসদ বাংলাদেশকে নিয়ে যেতে পারে সফলতার দ্বারপ্রান্তে: ইউনূস

নোবেল শান্তি বিজয়ী প্রথম বাংলাদেশী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী সংসদ নিয়ে যেতে পারে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

রোববার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে এই গভীর আশাবাদ ব্যক্ত করেন।

শুধু সাংবাদিকরাই নন, এসময় চট্টগ্রামের সর্বস্তরের জনগণ অভিনন্দন জানান ড. মুহাম্মদ ইউনূসকে।

ক্ষুদ্র ঋণের উদ্ভাবক ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস অনেকটা স্বগতোক্তির মতোই বললেন, ‘আগামী সংসদ হতে পারে আমাদের কাঙ্খিত সংসদ। যা হবে আমাদেরই স্বপ্নের বাস্তবায়ন। আমরা যেমনটি চাই- ঠিক তেমনি, রাজনৈতিক মতবিরোধ এবং দ্বন্দ্ব--সংকটহীন এক সংসদ’।

তার নোবেল শান্তি পুরস্কার বিজয়ে দেশজুড়ে সর্বস্তরের জনগণের আনন্দকে তিনি একাত্তরের পর বাঙালীর আনন্দের সঙ্গে তুলনা করে বললেন, এমন আনন্দ একাত্তরের বিজয়ের পর এই প্রথম তিনি দেখলেন। তিনি আনন্দিত ও উল্লসিত মানুষের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা জানান। এই আনন্দ আগামী নির্বাচন পর্যন্ত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সবার এই সম্মিলিত উল্লাস যেন কোনদিন শেষ না হয় এবং যে কোন জাতীয় সংকট উত্তরণে যেন পথ দেখাতে পারে, এটাই তার ইচ্ছা।

তিনি বলেন, ‘আমিও তো আমার পরিকল্পনা বাস্তবায়নের পথে একদিন সংকটময় অবস্থানেই ছিলাম’।

হতদরিদ্র, ভূমিহীন সেইসব নারী যারা তার নোবেল পুরস্কার অর্জনে গভীর ভূমিকা রেখেছে তাদের কথা বারবার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রথম নোবেলের জন্ম চট্টগ্রামের মাটিতে আর এই চট্টগ্রামেই যেন জন্ম নেয় আরো অনেক কৃতি সন্তান যারা ছিনিয়ে আনবে আরও অনেক নোবেল পুরস্কার। তিনি আরও বলেন, সারা দেশে ছড়িয়ে--ছিটিয়ে থাকা ৬৪ লাখ নারী কর্মীর কঠোর পরিশ্রমের ফলাফল এই গ্রামীণ ব্যাংক। এই বিরল সম্মাননা এবং অর্জন আসলে তাদেরই।

চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে এ এলাকার প্রধান সমুদ্র বন্দরের আরো আধুনিকায়ন দরকার বলে মনে করেন তিনি। আয়তনে এই সমুদ্র বন্দরটির বর্তমানের চেয়ে আরো শতগুণ বড় হওয়া প্রয়োজন।

তার অভিমত হলো বন্দরের কার্যক্রম পরিচালনাকে বাধাগ্রস্ত করে এমন সব প্রতিবন্ধকতার সমাধান অবিলম্বে হওয়া উচিৎ।

বন্দর নগরী চট্টগামের উন্নয়নে বর্তমানে কোনো পরিকল্পনা তার রয়েছে কিনা জানতে চাইলে তিনি সবার আগে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার আকাঙ্খা প্রকাশ করেন।

এছাড়া নোবেল শান্তি পুরস্কারের অর্থ তিনি চট্টগ্রামের উন্নয়নে দান করবেন কিনা জানতে চাইলে এ বিষয়ে তার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।

ক্ষুদ্র ঋণ কর্মসূচির ব্যাপক প্রসারই তার প্রধান লক্ষ্য, জানান তিনি।

তিনি চট্টগ্রাম সরকারি কলেজের কাছে মিসকিন শাহ মাজারে প্রথমে তার পিতা এবং পরে শহরের কাপাসগোলায় তার মায়ের কবর জেয়ারত করে সংবাদ সম্মেলনে উপস্থিত হন।