ড. ইউনূসের পুরস্কার প্রাপ্তিতে রাজনীতিবিদদের প্রতিক্রিয়া
মুহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দল ও বিরোধী দলের কয়েকজন রাজনীতিবিদ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ৭টা ৫০ মিনিটে মোবাইল ফোনে মুহাম্মদ ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, এই অর্জনের মাধ্যমে তিনি দেশ ও জাতির জন্য গর্ব বয়ে এনেছেন। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিত হয়েছে এবং জাতীয় মর্যাদা সমুন্নত হয়েছে। তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ আগে আমি স্থানীয় সরকার মন্ত্রীর কাছেও বলেছি- আপনাকে অভিনন্দন জানাতে’।
এর আগে ওয়াশিংটন সফররত বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাও ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বলে তার ব্যক্তিগত এক সহকারী নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন। টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এই খবরে খুব খুশি হয়েছি।’ তার প্রধানমন্ত্রীত্বকালে ইউনূসের গ্রামে গ্রামে মোবাইল ফোন পৌঁছে দেওয়ার সেই সাহসী কর্মসূচি গ্রহণ এবং পরে বিশ্বব্যাপী এর সাফল্যের কথা স্মরণ করে তিনি বলেন, ‘দারিদ্র মোকাবেলায় সেই ১৯৯৭ সালে তিনি বিশ্বমানের মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করার সাহস দেখিয়েছেন। এর সাফল্য নিয়ে তখন অনেকের মনেই সন্দেহ ছিল। তাদের সেই সন্দেহ ভুল প্রমাণিত হয়েছে।’
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সিলেট থেকে টেলিফোনে বিডিনিউজকে জানান, প্রফেসর ইউনূস কেবলমাত্র সারাবিশ্বে নয়, বাংলাদেশের একজন গর্বিত ব্যক্তিত্ব। তাঁর ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাংলাদেশের আঙ্গিনা ছাড়িয়ে আফ্রিকা ও আমেরিকাসহ বিশ্বের উন্নত ও অনুন্নত দেশে সাফল্যের স্বীকৃতি পেয়েছে। নোবেল শান্তি পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সম্মানের আসনে আসীন করেছেন।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, প্রফেসর ইউনূস প্রথম নোবেল বিজয়ী বাংলাদেশী হিসেবে তিনি আমাদের জাতীয় মর্যাদা ও পরিচিতিকে বিশ্ব সমাজে সুদৃঢ় করেছেন। তাঁর এই নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি বিশ্ব দরবারে বাংলাদেশ ও দেশের মানুষের সাফল্যেরই স্বীকৃতি।
মান্নান ভূঁইয়া আরও বলেন, এই পুরস্কার দরিদ্র মানুষ এবং নারী সমাজের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তাঁর নিরলস কর্মপ্রয়াসেরই ফসল।
এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী ড. মোশাররফ হোসেন, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, তথ্যমন্ত্রী শামসুল ইসলাম, পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম এবং মেয়র সাদেক হোসেন খোকা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেনের পর তিনি বাঙালী জাতিকে আবার গর্বিত করেছেন। এ পুরস্কার শুধু ড. ইউনূস ও তাঁর গ্রামীণ ব্যাংকের নয়, সমগ্র জাতির।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, নফহবংি২৪.পড়স এর কাছ থেকেই তিনি প্রথম খবরটি পেলেন।
তিনি বলেন, মুহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিতে তিনি গর্ববোধ করছেন।
তাঁর এই পুরস্কারের পিছনে তাদেরও কিছু অবদান আছে উল্লেখ করে তিনি জানান, গ্রামীণ ব্যাংক একটি সরকারি প্রতিষ্ঠান ছিল। অধ্যাদেশ জারি করে তিনি এটা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন।
