২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছরে ঢাকার জনসংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাওয়ার আশংকা

আগামী ২০ বছর পর রাজধানী ঢাকার জনসংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে। তাই পরিকল্পিত নগরায়ণের জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। গ্রাম এবং শহরের বৈষম্য বাড়তেই থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ--পরিষদের উদ্যোগে ‘অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের ওপর এর প্রভাব’ র্শীষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ--পরিষদের চেয়ারম্যান এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, শামসুর রহমান শরিফ এমপি, অধ্যাপক একে আজাদ চৌধুরী, অধ্যাপক হোসেন মনসুর, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দিপু মনি প্রমুখ।

আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ড. হাসান মাহবুবের সঞ্চালনে পরিচালিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম এবং অধ্যাপক একিউএম মাহবুব।

প্রবন্ধে বলা হয়, অপরিকল্পিত নগরায়ণের ফলে ইতিমধ্যেই পানি, পয়ঃনিষ্কাশন, বিদ্যুত, গ্যাস, জ্বালানী এবং পরিবহন সংকটসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি উন্মুক্ত স্থান, পার্ক, লেক, নদী, জলাশয়, ইত্যাদির অবৈধ দখল এবং পাহাড় ও বন উজার করে সমস্যাকে আরো জটিল করে তুলেছে। যার সমাধান দিতেও সরকার ব্যর্থ হয়েছে।

প্রবন্ধে আরো উল্লেখ করা হয়, নগরীর আবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছে।  দেশের ছয়টি সিটি কর্পোরেশনে প্রায় অর্ধ কোটি লোক বস্তিতে বসবাস করছে। দিন দিন বস্তিবাসী এবং দরিদ্রের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে নগরীর অপরাধ।

প্রবন্ধে সুপারিশ করা হয়, সমগ্র দেশে নগরায়ণ প্রবণতা ও নগর ব্যবস্থায় সৃষ্টি, পরিকল্পিত নগরায়ণ এবং সুষ্ঠু নগর পরিচালনার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আইনের শাসন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক সমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালকদের ব্যর্থতার কারণে জনগণকে আজ মাশুল দিতে হচ্ছে। ফুটপাত থেকে ইতিহাস সবই ক্ষমতাসীনরা দখল করেছে। তারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত। জনগণের কথা ভাবার সময় তাদের নেই।