বানারীপাড়ায় পুলিশ-- ব্যবসায়ী সংঘর্ষ, আহত ২৫
জেলার বানারীপাড়া উপজেলায় বৃহস্পতিবার স্থানীয় লবনসাড় পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাওকালে পুলিশ--ব্যবসায়ী সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
পুলিশের হাতে আটক স্থানীয় বাইশারী বাজার সমিতির নেতা জামিল হোসেনের মুক্তি দাবিতে ব্যবসায়ীরা বিকেল ৩ টার দিকে তদন্ত কেন্দ্র ঘেরাও করলে উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
বাইশারী বাজার সমিতির সভাপতি আঃ মালেক জানান, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মাসুদ বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী নেতা জামিল হোসেনকে বিনা কারণে গ্রেপ্তার করেন। খবর পেয়ে ব্যবসায়ীরা তদন্ত কেন্দ্র ঘেরাও করে জামিলকে গ্রেপ্তার করার কারণ জানতে চান। কিন্তু পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ব্যবসায়ী সুনীল আইচ (৫০), দুলাল হোসেন (৪৮), আজাহার (৫০), কালাম (৫২), সামছুল হক (৪৮), ইউসুফ (৫০) ও শাহীনকে (৫৮) বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ব্যবসায়ীরা বিক্ষোভ--মিছিল করে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনকে স্মারকলিপি দেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) এসআই আফসার ব্যবসায়ীদের উপর পুলিশের লাঠিচার্জের কথা স্বীকার করে বলেন, অর্ধশতাধিক ব্যবসায়ী তদন্ত কেন্দ্রে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ নিরুপায় হয়ে লাঠিচার্জ করে।
ব্যবসায়ী জামিলকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, তার সাথে অপরাধীদের যোগাযোগ রয়েছে বলে গোপনে সংবাদ পেয়ে পুলিশ তাকে জিঞ্জাসাবাদের জন্য তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। তবে বিকেলেই জামিলকে বাজার সমিতির সভাপতির কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
