ফরিদপুরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত
ফরিদপুর শহরতলীর শোভারামপুরে বুধবার সকালে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা একই পরিবারের চারজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে।
আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর শোভারামপুর গ্রামের লিটন, কামাল, জামাল, উজ্জ্বল ও নুরু ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী বুধবার সকাল ১০ টার দিকে রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও লাঠিসোটা নিয়ে একই গ্রামের মুদি দোকানী মালেক ফকিরের বাড়ীতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মালেক ফকির (৪৫) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৪০), ছেলে আব্দুল কালাম (২৫) ও মেয়ে লিপি বেগম (২২) গুরুতর আহত হয়।
আহত মুদি দোকানী মালেক জানান, ওই সন্ত্রাসীরা এর আগে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি তা দিতে ব্যার্থ হওয়ায় এই হামলার ঘটনা ঘটে।
আম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী জানান, হামলাকারীরা এলাকার চিহিৃত সন্ত্রাসী। তারা দীর্ঘদিন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজী করে আসছে।
ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
