২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর লাশ ময়নাতদন্ত করায় দাফনে বাধা

এক শিশুর লাশ দাফনে ফতোয়া জারি করেছে রাজশাহীর তানোরের গ্রাম্য মাতব্বররা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 10:22 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

শিশুটির মৃত্যুর পর লাশ ময়নাতদন্ত করায় গ্রাম্য মাতাব্বররা এই ফতোয়া জারি করে।

উপজেলার গাগন্ধ চকপাড়া গ্রামের ১০ বছরের শিশুকন্যা আদমিরার লাশটি অবশেষে বুধবার বিকেলে পুলিশ প্রহরায় সরকারি কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, আব্বাস আলীর ১০ বছরের শিশুকন্যা আদমিরা মঙ্গলবার দুপুরে হঠাৎ করে মারা যায়। মৃত্যুর আগে তীব্র পেটের ব্যথা ছিলো শিশুটির। মৃত্যুর বিবরণ শুনে তানোর থানা পুলিশ একে অস্বাভাবিক মৃত্যু বলে চিহ্নিত করে সন্ধ্যায় লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বুধবার দুপুরে লাশটি ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করে। কিন্তু পরিবার লাশটি দাফনের ব্যবস্থা করলে গ্রামের মাতব্বররা তাতে বাধ সাধে।

নিহত শিশুটির পিতা অভিযোগ করেন, ময়নাতদন্ত করার  কারণে এই লাশটি দাফন করা যাবে না বলে চকপাড়া দমদমা মসজিদের ইমাম আনোয়ারুল ইসলাম ফতোয়া দেন। ইমামের ফতোয়া সমর্থন করে স্থানীয় ইউপি সদস্য মেরাজ, গ্রাম্য মাতব্বর সাবান, মোজাম ও গাফফারও দাফনে বাধা দেয়। পরিবারের পক্ষ থেকে খোঁড়া কবরটিও তারা বন্ধ করে দেয়। খবর পেয়ে তানোর থানা পুলিশ বিকেলে সেখানে গিয়ে লাশ দাফনের ব্যবস্থা করলে তাদের ওপরও গ্রাম্য মাতব্বররা চড়াও হয়। পরে পুলিশ প্রহরায় নতুন কবর খুঁড়ে লাশটি দাফন করা হয়।