২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে বই মেলা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাসব্যাপি একুশে বই মেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, মেলা কমিটির সদস্যসচিব ফজলুর রহমান মঙ্গলবার বিডিনিউজকে এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ফজলুর রহমান বলেন, “আইন শৃঙ্খলার চরম অবনতির মাঝে এই বছর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। একারণে নিরাপত্তা ব্যবস্থা বিগত বছরের তুলনায় জোরদার করা হয়েছে”

দেশে কিছু ইসলামিক জঙ্গি বাহিনীর হুমকি এবং তৎপরতার কারণে এবারে কর্তৃপক্ষ একুশে বই মেলা প্রাঙ্গণ বাংলা একাডেমির ভেতর ও বাইরে কড়া নিরাপত্তা গ্রহণ করেছে।

একুশে বইমেলা চলাকালে ২০০৪ সালের ২৭ ফেব্র“য়ারি বাংলা একাডেমির সামনে অজ্ঞাত পরিচয় দুস্কৃতিকারীদের হামলায় প্রফেসর হুমায়ুন আজাদ গুরুত্বর আহত হলে মেলায় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ পরে ঐবছরের ১২ আগস্ট জার্মানিতে মৃত্যুবরণ করেন।

কর্তৃপক্ষ জানায়, মেলা উপলক্ষে একাডেমি প্রাঙ্গনের পৃথক স্থানে বারোটি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হবে। মেলা প্রাঙ্গনে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলেও সূত্র জানায়।

এছাড়া পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকধারি আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলেও তারা জানান।

দর্শকদের ভীড় ও লম্বা লাইন এড়াতে মেলায় প্রবেশের জন্য দুইটি এবং বের হওয়ার জন্য একটি সহ মোট তিনটি গেট থাকবে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মেলার প্রবেশপথে মেটাল ডিরেক্টর দিয়ে দর্শনার্থীদের তল্লাশি করবে।

মেলার ভেতর ও বাইরে কোন হকার, ভ্রামমান দোকান বা ভিক্ষুককে অবস্থান করতে দেওয়া হবে না।

মেলার সংবাদ পরিবেশনের জন্য সংবাদ কর্মীদের প্রতিদিনের জন্য বিশেষ পাস দেওয়া হবে।