২৭ জানুয়ারি বিশ্ব ইজতেমা: সকল প্রস্তুতি সম্পন্ন
পবিত্র হজের পর মুসলিম উম্মাহর সর্ববৃহৎ সম্মিলন বিশ্ব ইজতেমা আয়োজনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকার অদূরে টঙ্গির তুরাগ নদীর তীরে ২৭ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে।
বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি সংক্রান্ত চূড়ান্ত বৈঠক টঙ্গীর ইজতেমা মাঠে সোমবার সকালে অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রী ও গাজীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এম কে আনোয়ার বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে আগত মুসল্লিদের নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যু নিয়ে পর্যালোচনা করা হয়।
মুসল্লিদের দাবির প্রেক্ষিতে তুরাগের পশ্চিম তীরে রাজউক তাদের লিজ বাতিল করেছে বলে মন্ত্রীকে বৈঠকে অবহিত করা হয়। সেখানে গড়ে ওঠা স্থাপনাগুলো অল্প কয়েকদিনের মধ্যেই সরিয়ে নেয়া হবে।
বৈঠকে উপস্থিত রাজউকের প্রতিনিধি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিগ্রস্ত লিজিদের অন্যত্র প্লট দেওয়া হবে।
মুসল্লিদের নিরাপত্তা সম্পর্কে বৈঠকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতিনিধি বলেন, ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এলিট ফোর্সের ২২ হাজার সদস্য ইজতেমাস্থলে মোতায়েন থাকবে।
র্যাব প্রতিনিধি বলেন, প্রতিটি মুসল্লিকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে মূল বিশ্ব ইজতেমা স্থলে প্রবেশ করতে হবে।
পাশাপাশি প্রতিটি চেক পয়েন্টে ইজতেমাস্থলের একটি মানচিত্র থাকবে। মুসল্লিদের জেলাভিত্তিক--প্রবেশ ও থাকার স্থান সংক্রান্ত তথ্য প্রতিটি চেক পয়েন্ট থেকে সরবরাহ করা হবে।
মুসল্লিদের স্বাস্থ্য ও পরিবহন সেবা সংক্রান্ত ইস্যুগুলো বৈঠকে আলোচিত হয়েছে।
