২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র মজলিসে শূরার সদস্য শফিউল্লাহ তারিকসহ ৪ জঙ্গি’র বিরুদ্ধে চার্জশিট দাখিল

রাজশাহী র‌্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত জেএমবি’র মজলিসে শূরার সদস্য শফিউল্লাহ তারিকসহ চার জঙ্গির বিরুদ্ধে সোমবার গোদাগাড়ি থানা পুলিশ আদালতে বিস্ফোরক দ্রব্য আইনে চার্জশিট দাখিল করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

দাখিলকৃত চার্জশিটভুক্ত অপর তিন আসামী হলো জেএমবি নেতা তরিকুল, রেজাউল ও তারেক আজিজ। গত ১৭ ডিসেম্বর তারা প্রায় পাঁচ হাজার ডেটোনেটরসহ ধরা পড়ে। এদের মধ্যে নাটোর রেল স্টেশন এলাকা থেকে শফিউল্লাহ তারিককে আটক করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব সদস্যরা রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বোয়ালমারি থেকে তরিকুল ও রেজাউল নামের অপর দুই জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মাদারপুর গ্রাম থেকে এক হাজার এবং বোয়ালমারি গ্রাম থেকে চার হাজার ডেটোনেটর উদ্ধার করা হয়। জঙ্গি শফিউল্লাহ তারিক সাতক্ষীরা সরকারি কলেজে এ্যাকাউন্টিং-এ অনার্স পড়তো। ১৯৯৫ সালে সে জেএমবি’র সঙ্গে জড়িত হয় এবং গত বছরের শুরুর দিকে রাজশাহী মহানগরীতে এসে জেএমবি’র কার্যক্রম পরিচালনা করে।

গোদাগাড়ি থানার সাব--ইন্সপেক্টর সিরাজুল ইসলাম সোমবার ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে এ চার্জশিট দাখিল করেন।