২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশীরা সবচেয়ে বেশি সুখী: বিশ্ব জরিপ

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। সুখী দেশের তালিকায় পৃথিবীর একমাত্র পরাক্রমশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান ৪৬তম। বিশ্ব সুখ জরিপে (ওয়ার্ল্ড হ্যাপিনেজ সার্ভে) এ কথা বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত সুখী দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

ব্যক্তিগত খরচ ক্ষমতা ও ন্যুনতম জীবনমানের মধ্যে যোগসূত্র সংক্রান্ত লন্ডন স্কুল অব ইকোনোমিকস-এর অধ্যাপকদের নেতৃত্বাধীন গবেষণা থেকে এ তথ্য জানা যায়। তারা এই বলে তাদের গবেষণার ইতি টেনেছেন,‘ অর্থ সব কিছু কিনতে পারলেও সুখ কিনতে পারে না’।

গবেষণায় দেখা গেছে, পৃথিবীর অন্যতম গরীব দেশ বাংলাদেশের মানুষেরা তাদের ক্ষুদ্র আয় থেকেই তালিকায় অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক বেশি সুখ খুঁজে পায়।

এতে বলা হয়েছে, অস্ট্র্রিয়া, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডা, জাপান এবং অন্যান্য ধনী দেশগুলো ডোমিনিকান প্রজাতন্ত্র ও আর্মেনিয়ার মত দেশগুলোর চেয়ে কম সুখী।

জরিপে বলা হয়েছে, সবচেয়ে খারাপ খবর রয়েছে বর্তমান রাশিয়া ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের কয়েকটি রাজ্যের (যেগুলি বর্তমানে স্বাধীন রাষ্ট্র) জন্য। জরিপের ভাষায়, তারা ধনীও নয়, সুখীও নয়।

তালিকায় ৩২তম স্থানে অবস্থান করা ব্রিটেন সম্পর্কে জরিপে বলা হয়েছে, ৪০ বছর আগে ব্রিটিশরা তাদের পিছনে যে অর্থ ব্যয় করেছে, এখন তার চেয়ে দ্বিগুন ব্যয় করলেও তাদের সে অনুপাতে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেনি।

লন্ডন স্কুল অব ইকোনোমিকস-এর পরিদর্শক ও জরিপের সমন্বয়কারী অধ্যাপক রবার্ট ওরস্টার বলেন, দশ বছর আগের চেয়ে ব্রিটিশরা এখন কম সুখী। দুই-তৃতীয়াংশ ব্রিটিশ মনে করেন, অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি ও ব্যক্তিগত খরচের অর্থ আয়ের চেয়ে পরিবেশের উন্নয়ন ঘটেছে।

গবেষকরা গবেষণার উপসংহারে বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ব্রিটেন উল্লেখযোগ্যহারে ধনী। কিন্তু ভোক্তাবাদ ও পরিবার ভেঙ্গে যাওয়ার কারণে তারা অনেকেই মানসিকভাবে দরিদ্রতা অনুভব করে।