সাভারে নৈশ্য প্রহরীকে কুপিয়ে স্কুলে ডাকাতির চেষ্টা, অজ্ঞাত ব্যক্তির লাশ ও ফেন্সিডিল উদ্ধার
সাভার পৌর এলাকার ধরেন্দ্র সেন্টযোসেফ উচ্চ বিদ্যালয়ে শনিবার গভীর রাতে নৈশ প্রহরীকে কুপিয়ে একদল ডাকাত স্কুল ভবনে ঢোকার চেষ্টা চালায়। প্রহরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গভীর রাতে চার/পাঁচ জনের ডাকাত দল সীমানার প্রাচীর ডিঙ্গিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে প্রহরী খোকন দাসকে (৩০) বেঁধে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং তার কাছ থেকে অফিস কক্ষের চাবি নিয়ে ভিতরের জরুরী ফাইলপত্র তছনছ করে। একপর্যায়ে নৈশপহরী খোকনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতদলের পালানো সময় এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে শোপর্দ করে। মুমূর্ষ অবস্থায় খোকন দাসকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে, সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি ব্রিজের ঢাল থেকে রোববার বিকেলে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে।
আশুলিয়া থানা পুলিশ বিডিনিউজকে জানায়, কোন দূস্কৃতকারী এই অজ্ঞাত যুবকে হত্যার পর লাশটি এ স্থানে ফেলে রেখে যায়। নিহতের গলায় লাইলনের রঁশি পেচাঁনো ছিল। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা (নং-১৫) দায়ের করা হয়েছে।
এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আশুলিয়া থানা পুলিশ ফেন্সিডিল বিক্রয়ের সময় মাহাবুব হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে।
রোববার ভোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রান্তিক গেটের সামনে ফেন্সিডিল বিক্রয়ের সময় ওই যুবক ১৮ বোতল ফেন্সিডিলসহ ধরা পড়ে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-১২) দায়ের করা হয়েছে।
