২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি রাষ্ট্রদূত কূটনৈতিক কোরের পরবর্তী ডিন হচ্ছেন

বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিক কোরের ডিন ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহতা জারাবের বিদায়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এম আল-ওবায়েদ আল-নামলা ডিন হতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

আবদুল্লাহ এম আল-ওবায়েদ আল-নামলা কূটনীতিক হিসেবে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে কাজ শুরু করেন।

অপরদিকে শাহতা জারাব ১৯৮৯ সালের ২৪ জুলাই থেকে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করেন। আগামী ১১ জানুয়ারি তিনি চীন হয়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করবেন।

শাহতা জারাব বিডিনিউজকে জানান, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত শায়ের আবদুল্লাহকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এ মাসের শেষের দিকে তিনি বাংলাদেশে আসবেন।

বিডিনিউজের সাথে আলাপকালে সবচেয়ে বেশি সময়ের জন্যে বাংলাদেশে অবস্থানকারী রাষ্ট্রদূত শাহতা জারাব বলেন, বাংলাদেশ তার দ্বিতীয় জন্মভূমির মতো। দেশের কঠিন সময়েও তিনি এখানে ছিলেন।

তিনি বলেন, আমি এটিকে আমার পরিবারের মতো মনে করি, এখানে কখনো দুঃখ, কখনো সুখ নিয়ে আমি ছিলাম।

কূটনৈতিক কোর হচ্ছে একটি দেশে নিযুক্ত কূটনীতিকদের সমষ্টি। যে দেশে তারা নিযুক্ত থাকেন সে দেশের পক্ষ থেকে সবসময় এ ধরনের সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া হয় না। তবে কিছু কিছু দেশে সবচেয়ে বেশি সময় দায়িত্বপালনকারী রাষ্ট্রদূতকে কূটনীতিক কোরের ডিনের মর্যাদা দেওয়া হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের পদমর্যাদাকে একটি দেশে নিযুক্ত কূটনীতিকদের মধ্যে শীর্ষ স্থানীয় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

নিযুক্ত রাষ্ট্রের সরকারের সাথে বিভিন্ন বিষয়ে কার্যক্রম পরিচালনায় এবং ওই রাষ্ট্রে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে থাকে।