২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় উঁচু মানের আন্তর্জাতিক কেন্দ্র গড়ে তোলা হবে: বুয়েটের নবম সমাবর্তনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ-বিদেশের সেরা মেধাবীদের নিয়ে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষণার লক্ষ্যে উঁচু মানের আন্তর্জাতিক কেন্দ্র গড়ে তোলা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 05:50 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

যেখানে উদারনৈতিক বিশ্ব দৃষ্টিভঙ্গি নিয়ে প্রবল আত্মবিশ্বাসে বলীয়ান ও প্রায়োগিক জ্ঞানে সমৃদ্ধ মানবসম্পদ গড়ে উঠবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে আয়োজিত নবম সমাবর্তন অনুষ্ঠানে মঙ্গলবার চ্যান্সেলর প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন।

তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমগ্র দেশের জন্য ইলেক্ট্রনিক, প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গ্রন্থ এবং গবেষণামূলক তথ্যের একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের ভাণ্ডার গড়ে তোলার আহ্বান জানান। এ ব্যাপারে সরকারও সহায়তা করবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, দক্ষ প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের একই সঙ্গে দক্ষ প্রশাসক এবং ব্যবস্থাপক হতে হবে। যুক্তরাষ্ট্রের মতো বুয়েটেও প্রযুক্তি ও ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রেই একসাথে ডিগ্রি প্রদানের জন্য তিনি আহ্বান জানান। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদেরকে সহায়তা করবে। 

তিনি বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে হলে শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিকে সব কিছুর ওপরে ঠাঁই দিতে হবে। তিনি আরও বলেন, বুয়েটে সুপ্ত মেধা ও সম্ভাবনা বিকাশের জন্য দরকার প্রশাসনিক শিক্ষা ও গবেষণা কাজে পূর্ণ স্বাধীনতা ও স্বায়ত্ত্বশাসন।

আন্তর্জাতিক সহযোগিতায় ও যৌথ উদ্যোগে ল্যাবরেটরি ও গবেষণা সেন্টার স্থাপন এবং গবেষণা কার্যক্রম গড়ে তুলতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পূর্ণ স্বাধীনতা দেওয়ার আশ্বাস দিয়ে তাদের বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে আসার আহ্বান জানান। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওয়াকিল আহমেদ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।  

তিনজন পিএইচডি ডিগ্রিপ্রাপ্তসহ ৯৩৪ জন শিক্ষার্থী মঙ্গলবার বুয়েটের ৯ম সমাবর্তনে সনদপত্র গ্রহণ করেন।

শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এমডি আলী মুর্তজা সমাবর্তনে উপস্থিত থাকেন। সমাবর্তন অনুষ্ঠানের বাণী পাঠ করেন প্রাক্তন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী।

সমাবর্তনে এ বছর তিন শিক্ষার্থী পিএইচডি, ১৪২ শিক্ষার্থী øাতকোত্তর ও ৭৮৯ শিক্ষার্থী øাতক সনদ গ্রহণ করবেন এবং সেরা স্নাতককে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকও প্রদান করা হয়েছে।