২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ইশতেহার পাশ কাটিয়ে দেশ পরিচালনা করছে বিএনপি: চার বছরে এক তৃতীয়াংশ অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের চার বছর পূরণের প্রাক্কালে বিডিনিউজ-এর পক্ষ থেকে বিএনপি’র নির্বাচনী ইশতাহার বাস্তবায়ন চিত্র তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। আজ থেকে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ শুরু হলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘোষিত ইশতেহার আনেকাংশেই পাশ কাটিয়ে দেশ পরিচালনার চার বছর অতিক্রম করেছে। গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপি-র দেওয়া ৩২ দফা নির্বাচনী ইশতেহারের দুই-তৃতীয়াংশ অঙ্গীকারই বিএনপি-র নেতৃত্বাধীন জোট সরকার বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। এমনকি নির্বাচনের পূর্বে ও পরে জাতির উদ্দেশ্যে দেওয়া দলীয় নেত্রী খালেদা জিয়ার ভাষণের সাথেও জোট সরকারের দেশ শাসনের মিল খুঁজে পাওয়া দায়।

নির্বাচনী ইশতেহার অনুসারে বিএনপি রেডিও ও টেলিভিশনের স্বায়ত্বশাসন দেওয়ার কোন উদ্যোগ নেয়নি, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সরাসরি নির্বাচন করার প্রতিশ্রুতিও বিএনপি পালন করেনি, ন্যায়পাল নিয়োগের উদ্যোগ নেয়া হয়নি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হলেও নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুসারে কাজ করেনি, রফতানীমুখী তৈরি পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়নি। এছাড়াও তথ্যপ্রযুক্তি উন্নয়নে বিএনপি তার দেয়া প্রতিশ্রুতি পালনে কার্যত ব্যর্থ হয়েছে। তবে পরিবেশ ব্যবস্থাপনা ও শিক্ষা বিস্তারে দেওয়া কিছু অঙ্গীকার বিএনপি পালন করেছে।

আগামী ১০ অক্টোবর বিএনপি তার পঞ্চমবারের শাসনামলের চার বছর পূর্ণ করতে যাচ্ছে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের ২৩ দিন পূর্বে ২০০১ সালের ৭ সেপ্টেম্বর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে বিএনপি-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩২ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। ইশতেহারে আইন-শৃঙ্খলার উন্নয়নকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়। অথচ ক্ষমতায় আসার পর বিএনপি নেতা-কর্মীরা বাসস্ট্যান্ড থেকে শুরু করে শৌচাগার পর্যন্ত দখলে নামে। ক্ষমতার ছত্রচ্ছায়ায় ব্যাপক খুনাখুনি, চাঁদাবাজিসহ সব ধরনের সন্ত্রাসমূলক তৎপরতা বেড়ে যায়। ক্ষমতায় আসার এক বছরের মাথায় সেনাবাহিনীর নেতৃত্বে ক্লিনহার্ট অপারেশন পরিচালনা করেও পরিস্থিতির উন্নতি সম্ভব হয়নি।

পরে ২০০৩ সালের ১২ জুলাই জাতীয় সংসদে আর্মড ব্যাটেলিয়ান অ্যাক্ট সংশোধন করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) গঠন করা হয়। র‌্যাবের কার্যক্রমকে বিএনপি তার সন্ত্রাস দমনের অঙ্গীকারের উদ্দেশ্যে পরিচালিত বলে দাবী করলেও, বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ বিরোধী রাজনৈতিক দল ও দাতা দেশগুলো র‌্যাবের কার্যক্রমের তীব্র সমালোচনা করেছে। এপর্যন্ত র‌্যাবের ক্রসফায়ারে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীসহ ৭৭ জন নিহত হয়েছে। পুলিশের সাথে ক্রসফায়ারের নামে ও পুলিশ হেফাজতে নির্যাতনে ২৪৮ জন সন্ত্রাসী ও ‘কথিত-সন্ত্রাসী’ প্রাণ হারিয়েছে। উভয় ধরনের ‘ক্রসফায়ার’-এ ও হেফাজতে নির্যাতনে মৃত্যু নিয়ে মানবাধিকার সংগঠনগুলো ও সুশীল সমাজ উদ্বেগ প্রকাশ করে চলছে। সব মিলিয়ে ৪২১ জন এইভাবে বিনা বিচারে নিহত হয়েছে।

বিএনপি তার নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ আমলের দুর্নীতির চিত্র তুলে ধরে দুর্নীতি দমনের অঙ্গীকার করেছিলো। বিএনপি শাসনামলে প্রতিবারই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র ঘোষণায় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে প্রথম হয়েছে। এমনকি ডেনমার্কের রাষ্ট্রদূত সরাসরি নৌ-পরিবহন মন্ত্রী লে. কর্ণেল আকবরের (অব.) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলে তোলপাড় সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর এপিএস’র বিরুদ্ধেও দুর্নীতির তথ্য ফাঁস হয়ে যায়।

নানা অজুহাতে সময় ক্ষেপণ করে এ বছরের প্রথম দিকে বিএনপি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করে। বিবিধ জটিলতায় কমিশনের কার্যক্রমও এখন থমকে দাঁড়িয়েছে।

বিএনপি তার নির্বাচনী ইশতেহারে বিদ্যুৎ খাতের আমূল পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকার করে। অথচ গত চার বছর ধরেই বিদ্যুৎ খাত কার্যত স্থবির অবস্থায় পড়ে রয়েছে। গত চার বছরে মাত্র ৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। দুর্নীতির অজুহাতে বর্তমান সরকার আওয়ামী আমলে গৃহীত বিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ করে দেয়। অথচ গত চার বছরে বিদ্যুতের চাহিদা বেড়েছে ১২০০ মেগাওয়াট। গ্রীষ্ম মৌসুমে এই চাহিদা আরও বেড়ে যায়। আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ প্রকল্পগুলোতে দুর্নীতির তদন্তের নামে চলতে থাকে কেবল আর্থিক হিসাব। সূত্র জানিয়েছে, বর্তমান বিদ্যুৎ-খাতের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের মধ্যে চলছে টানাপোড়েন। একারণে বিদ্যুৎখাতের উন্নয়ন স্থবির হয়ে পড়ছে; বাড়ছে মানুষের দূর্ভোগ।

বিএনপি তার নির্বাচনী ইশতেহারে প্রশাসনকে দলীয়করণের উর্ধ্বে রাখার অঙ্গীকার করেছিল। অথচ চুক্তিভিত্তিক নিয়োগের দ্বারা প্রশাসনে দলীয়করণ চূড়ান্ত করার জন্য রাষ্ট্রপতির নিজস্ব ১০ ভাগ কোটা তুলে দিয়ে অবাধে চুক্তিভিত্তিক নিয়োগের পথ প্রশস্ত করা হয়েছে। প্রশাসনে বর্তমান চুক্তিভিত্তিক নিয়োগ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। সকল নিয়ম ভেঙ্গে তিন দফা পদোন্নতি দেয়া হয়েছে জিয়া সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিসিএস-১৯৭৯ ব্যাচকে।

নির্বাচনী ইশতেহারে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের অঙ্গীকার থাকলেও, তা বাস্তবায়নের উদ্যোগ নেই। শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও সরকার গড়িমসি করছে। ইশতেহারে রেডিও ও টেলিভিশন স্বায়ত্বশাসনের বিষয়টি উল্লেখ থাকলেও জোট সরকার এ অঙ্গীকার বাস্তবায়নে ন্যূনতম উদ্যোগ নেয়নি। বরং সরকার-নিয়ন্ত্রিত রেডিও ও টেলিভিশনের চূড়ান্ত দলীয়করণ করা হয়েছে।

বিএনপি-র অন্যতম অঙ্গীকার ছিলো তথ্যপ্রযুক্তির দ্রুত উন্নয়ন সাধন। নির্বাচনী ইশতেহারে তথ্যপ্রযুক্তির উন্নয়ন প্রসঙ্গে বলা হয়েছিলো-ফাইবার অপটিক সাবমেরিন ক্যাবল সংযোগের মাধ্যমে বাংলাদেশকে ইনফরমেশন হাইওয়েতে পৌঁছে দেয়ার ব্যবস্থা হবে। প্রচুর সংখ্যক আইটি ইন্ডাষ্ট্রির অনুকুল পরিবেশ গড়ে তুলে সমগ্র দেশকে আইটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। তথ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আগামী জানুয়ারিতে ফাইবার অপটিক নেটওয়ার্কের সাথে সংযোগের কাজ শেষ হবে। তখন ইন্টারনেট গ্রাহকরা সুবিধা পেতে শুরু করবে। তবে সামগ্রিকভাবে আইটি সেক্টর বিকাশে বর্তমান সরকারের তেমন কোন উদ্যোগ ছিল না।

বিএনপির নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য, কৃষি, শিল্প ও পরিবহন সেক্টরের অধিকাংশ অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়নি। জোট সরকারের শাসনামলে কৃষি-পণ্যের দাম কয়েক দফা বেড়েছে। ডিজেল ও সারের দাম বাড়ায় কৃষিতে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য খাতে বিরাজ করছে গতানুগতিক ধারা। পরিবহন সেক্টরে হয়েছে চরম দলীয়করণ ও দুর্নীতি। যমুনা সেতুর ‘টোল’ কমিয়ে যুক্তিসঙ্গতভাবে ধার্য করার অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন হয়নি। অঙ্গীকার অনুযায়ী রেলের উন্নয়নে তেমন উদ্যেগ নেয়া হয়নি। বরং রেলের পতিত জমি দলীয় লোকের মধ্যে ভাগবাঁটোয়ারা হয়েছে। রেলের অত্যন্ত মূল্যবান ১ বিঘার অধিক জমি নামমাত্র মূল্যে দেয়া হয়েছে যোগাযোগমন্ত্রীর স্ত্রীর প্রতিষ্ঠান মানবাধিকার বাস্তবায়ন সংস্থাকে।

ঐতিহ্যবাহী পাটকল ‘আদমজী’ বন্ধের তিন বছর অতিবাহিত হলেও এখনো সেখানে কোন শিল্প-কারখানা গড়ে ওঠেনি। গত চার বছরে শতাধিক কলকারখানা বন্ধ হয়েছে, পোশাক-শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় করার অঙ্গীকার বাস্তবায়ন করা হয়নি। কেবলমাত্র পোশাক শিল্পেরই প্রায় ৪৫ শতাংশ অর্থাৎ ১৮শ’ কারখানা রুগ্ন হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নির্বাচনী ইশতেহারে পাবলিক পরীক্ষায় নকল বন্ধের অঙ্গীকার সরকার কিছুটা হলেও পূরণ করতে পেরেছে। নির্বাচনী অঙ্গীকারে শিক্ষা প্রসঙ্গে বলা হয়েছে, ক্ষমতায় থাকার পাঁচ বছরের মধ্যেই দেশ থেকে পুরোপুরি নিরক্ষরতা দূর করা হবে। অথচ দেশ থেকে নিরক্ষরতা দূর করার সফল উদ্যেগ নেওয়া হয়নি। নির্বাচনী ইশতেহারে পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে দেয়া অঙ্গীকারও কিছুটা বাস্তবায়িত হয়েছে। সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কারণে ঢাকা শহরের দূষণের মাত্রা কিছুটা কমে এসেছে। তবে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হলেও বর্তমানে অবাধে এর ব্যবহার চলছে।

বিএনপি নিজেদের অঙ্গীকার নিজেরাই ভঙ্গ করছে। মন্ত্রণালয়গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনী ইশতেহারে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কে কী কী অঙ্গীকার ছিল, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-কর্মকর্তারা জানেন না। নির্বাচনী ইশতেহার এখন কার্যত ফাইলবন্দি।