২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা খুন

কুষ্টিয়ার মিরপুরে শুক্রবার ভোরে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা আনিসুর রহমান ওরফে আনিস (২৮) নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 09:27 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মিরপুর থানার কুর্শা ইউনিয়নের খালমাগুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্রভাণ্ডার ও সহযোগীদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য দেয়। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তাকে নিয়ে অভিযানে বের হয়। শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে মিরপুরের কাটাদহের চর এলাকার মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা আনিসকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। এসময় উভয় পক্ষের মধ্যে আধা ঘন্টা গুলি বিনিময় হয়। গোলাগুলির এক পর্যায়ে আনিস পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অবস্থা বেগতিক দেখে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ দুটি শার্টারগান ও কয়েক রাউণ্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিহত আনিসের বিরুদ্ধে কুষ্টিয়া, মিরপুর, ঝিনাইদহ ও আলমডাঙ্গা থানায় একাধিক হত্যা, ধর্ষণ ও অপহরণ মামলা রয়েছে।