দেওয়ানি ও ফৌজদারি দণ্ডবিধিতে সংস্কার আনছে আইন মন্ত্রণালয়
আইন মন্ত্রণালয় দেওয়ানি ও ফৌজদারি দণ্ডবিধিতে বেশ কিছু সংস্কার আনছে। এর মধ্যে আপোস মিমাংসাযোগ্য অপরাধের জন্যে দু’পক্ষের মধ্যে আপোস এবং ইলেক্ট্রনিক প্রমাণাদি আদালতে গ্রহণযোগ্য করতে আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বৃহস্পতিবারএক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর এবং আইন সচিব উপস্থিত ছিলেন।
আইন মন্ত্রী বলেন, নিম্ন আদালতে আইনের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা দেখা যাচ্ছে। ফলে এসব আইনের বেশ কিছু পরিবর্তন এবং সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে।
মন্ত্রী জানান, বর্তমানে দণ্ডবিধির ১৬১ ধারায় পুলিশের কাছে দেওয়া জবানবন্দি বিচারকালে সংশ্লিষ্টরা অস্বীকার করে থাকে। যা বিচার প্রক্রিয়াকে বিঘ্নিত করে। এ অবস্থা দূর করতে সংস্কার প্রস্তাবে শিক্ষিত লোকদের কাছ থেকে তাদের নিজ হাতে লিখিত স্বীকারোক্তি নেয়ার বিধান রাখা হবে।
অভিযুক্ত বা সাক্ষীদের ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার সময় পোশাকধারী পুলিশের উপস্থিতি বন্ধ করা হবে। যেনো কোনওভাবেই সংশ্লিষ্টরা প্রভাবিত না হয়। এতে অভিযুক্ত ও সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করার প্রস্তাব রাখা হবে। যা আদালতে গ্রহণযোগ্য হবে। এ জন্যে ওই ধারায় একটি নতুন উপধারা সংযোজন করার প্রস্তাব রাখা হয়েছে।
মন্ত্রী জানান, মামলার তদন্তের ক্ষেত্রে মোট ৯০ দিনের বাধ্য-বাধকতা রয়েছে। এটি বাড়িয়ে ১৫০ দিন করা হবে। এ সময়ের বাইরে হলে আদালত সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার রিপোর্ট সরকারিভাবে যুক্তিযুক্ত কারণসহ গ্রহণ করবে।
বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারক হিসেবে ম্যাজিস্ট্রেট মোট ১২ দিন এবং দায়রা জজের আদালতে সর্বোচ্চ ২২টি শুনানির দিন ব্যবহার করতে পারবে। এ জন্যে ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৩৩ মাস এবং দায়রা জজ আদালত ৪৫ মাস সময় নিতে পারবে। এতে সম্ভব না হলে আদালত ওই সময়ের মধ্যে নেয়া সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে মামলার রায় দিতে পারবে।
সংস্কার প্রস্তাবে প্যারোলে মুক্তির একটি নতুন বিধান রাখা হচ্ছে। যা বর্তমানে বাংলাদেশের দণ্ডবিধিতে নেই। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনও দিন অপরাধ করেনি, এমন কোনও অপরাধী গ্রেপ্তার হলে তাকে কারাগারে না পাঠিয়ে প্যারোলে রাখার ব্যবস্থা করার প্রস্তাব রাখা হবে। এতে ওই ব্যক্তি কোনও নির্ভরযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ থাকবে। তাকে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে হবে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে আদালতে সাক্ষ্য দিতে আসা ব্যক্তিদের জন্যে নামমাত্র একটি সম্মানির ব্যবস্থা রয়েছে। নতুন প্রস্তাবে ওই সম্মানি বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়াও সাক্ষীদের নিরাপত্তা এবং আদালতে তাদের সম্মান দেওয়ার বিধানও করা হবে।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বর্তমানে বিভিন্ন মামলায় দণ্ডিত আসামিরা আদালতে আপিল করেই জামিনের আবেদন করে থাকে। এর অবসানে ১০ বছরের উর্ধ্বে দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি আরোপ করা হবে। এ জন্যে আদালতকে সংশ্লিষ্ট ব্যক্তির জামিন দেওয়ার কারণ সম্পর্কে সন্তুষ্ট হতে হবে। জামিন নিয়ে পলাতক আসামিদের জামিনের আবেদনের ক্ষেত্রে তাকে জামিন বন্ডের টাকা আদালতে জমা দিতে হবে।
আইন সংস্কারের প্রস্তাব সম্পর্কে আইন মন্ত্রী বলেন, এসব সংস্কার হলে দেওয়ানি ও ফৌজদারি আদালতে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যেই ওইসব সংস্কার প্রস্তাব আইন আকারে সংসদে উত্থাপণ ও পাস করা হতে পারে বলে মন্ত্রী জানান।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আইন প্রণয়নের আগেই এ প্রস্তাবগুলো নিয়ে সরকার ও বিরোধী দলের সাংসদদের আলোচনা করা হবে।
