পাঞ্জাবের ওয়াগাহতে ৩ বাংলাদেশী গ্রেফতার
জাল পাসপোর্ট ব্যবহারের দায়ে ভারতের পাঞ্জাব রাজ্যের ওয়াগাহ থেকে মঙ্গলবার দুই বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ।
সূত্র জানায়, দুই বাংলাদেশী নাগরিককে আটক করার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশ থেকে এসেছে এবং কিছুদিন আগে তারা গোপনে নেপাল গিয়েছিল বলে জানায়।
নেপালে অবস্থানকালে আটককৃতরা জাল পাসপোর্ট এবং কাগজপত্র ব্যবহার করে বলে সূত্র জানায়। এসব কাগজপত্র দেখিয়ে ওয়াগাহ হয়ে তাদের পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল বলে তারা জানায়।
আটককৃত দুই বাংলাদেশী হল-মোহাম্মদ সিবান ও মো. শহিদ খান। তাদের পাঞ্জাব পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে পাঞ্জাবের ঘারিন্দা থানায় একটি মামলা দায়ের করা হয়।
এদিকে অন্য ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ রোরওয়ালী থেকে অপর এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে। আটক বাংলাদেশী খলিল উল রহমানকে একই থানায় পাঞ্জাব পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
