ঢাকা চিড়িয়াখানায় বসছে আকর্ষণীয় ‘স্যুভেনির শপ’
ঢাকা চিড়িয়াখানায় আকর্ষণীয় ‘স্যুভেনির শপ’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
চিড়িয়াখানা সূত্র জানায়, দর্শনার্থীরা যাতে স্মৃতি হিসেবে স্যুভেনির সংরক্ষণ করতে পারেন, তার জন্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
‘স্যুভেনির শপ’ স্থাপনের জন্যে ইতোমধ্যেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একটি সূত্র জানিয়েছে, চিড়িয়াখানা ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা কাজটি আড়ংকে দেওয়ার কথা ভাবছেন।
সূত্র মতে, চিড়িয়াখানার প্রবেশ পথের সঙ্গেই গড়ে তোলা হবে এ আকর্ষণীয় স্যুভেনির শপটি। এতে বিভিন্ন পশু, পাখি ও প্রাণীর ছবি সম্বলিত গেঞ্জি, হ্যাট, পশু পাখির পরিচিতিমূলক বুকলেট, পশু পাখির পুতুল-এসব পাওয়া যাবে।
কিউরেটর ডা. মফিজুর রহমান বিডিনিউজকে জানিয়েছেন, এসব স্যুভেনিরের মূল্য সুলভ হবে।
ইতোমধ্যে এ শপটি তৈরির জন্যে মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে।
