২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ সেপ্টেম্বর থেকে গ্রামীণ উন্নয়ন বিষয়ে সিরডাপ’র বিভিন্ন আয়োজন

সিরডাপের নির্বাহী কমিটি ও পরিচালনা পর্ষদের বৈঠক উপলক্ষে প্রতিষ্ঠানটি ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিষয়ক আঞ্চলিক নীতি সংলাপসহ বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার এর মহাপরিচালক ড. দূর্গা পি পৌদিয়াল বলেন, ঢাকায় সিরডাপ মিলনায়তনে ১ অক্টোবর গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন বিষয়ক আঞ্চলিক নীতি সংলাপ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সিরডাপের সাংগঠনিক দক্ষতা এবং আঞ্চলিক সংস্থার পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ২৯ সেপ্টেম্বর এর নির্বাহী কমিটির ২৫তম বৈঠক এবং ২ ও ৩ অক্টোবর পরিচালনা পর্ষদের ১৫তম বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সিরডাপের ১৪টি সদস্য রাষ্ট্রের মন্ত্রী, সচিব ও প্রতিনিধি এবং আঞ্চলিক নীতি নির্ধারণী বিশেষজ্ঞগণ সংলাপ ও বৈঠকে অংশ নেবেন।

ড. দূর্গা পি পৌদিয়াল বলেন, গ্রামীণ উন্নয়ন বিষয়ে সিরডাপই প্রথম এ ধরনের আঞ্চলিক সংলাপের আয়োজন করতে যাচ্ছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ধারাবাহিক গ্রামীণ উন্নয়নের জন্য এ সংলাপের আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, পরিচালনা পর্ষদ হচ্ছে সিরডাপের নীতিনির্ধারণী সংস্থা। সদস্য রাষ্ট্রসমূহের গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিষয়ক মন্ত্রীরা এ পর্ষদের সদস্য। অপরদিকে, নির্বাহী কমিটি হচ্ছে এর পরিকল্পনা প্রণয়ন ও সুপারিশকারী সংস্থা। সদস্য রাষ্ট্রের সচিব, স্থায়ী সচিব ও মহাসচিবদের নিয়ে এ কমিটি গঠিত।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব হেদায়েতুল ইসলাম, সিরডাপের প্রশিক্ষণ পরিচালক ড. বি সুধাকর রায়, গবেষণা পরিচালক মমতাজউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক সম্পিত পূণ্যরতবন্ধু এবং তথ্য ও যোগাযোগ পরিচালক কেএএস দয়ানন্দা প্রমুখ।