২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভি চেয়ারম্যানকে গ্রেফতার বা হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

আবদুস সালামের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মুহম্মদ দস্তগীর হুসেইন এবং বিচারপতি নির্মলেন্দু ধর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ এ নির্দেশ দেন। আদালত একই সাথে যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া ইটিভি চেয়ারম্যানকে গ্রেফতার না করার জন্য কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে কারণ দর্শানোর জন্য একটি রুল জারি করেন।

আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট হাসান ফায়েজ সিদ্দিকী বলেন, একুশে টেলিভিশন পুনরায় সম্প্রচার শুরুর জন্যে লাইসেন্স পেয়েছে।

তিনি বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের কাছে ইটিভির শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য আবেদনকারী আবদুস সালামকে চাপ দিচ্ছে। তাদের কাছে শেয়ার বিক্রি করা না হলে তাকে গ্রেফতার এবং হয়রানি করা হতে পারে বলে আশংকা করছেন ইটিভির চেয়ারম্যান। আবদুস সালাম একই সাথে ইটিভির ব্যবস্থাপনা পরিচালকও।

সরকার এ বছর ১২ এপ্রিল বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভিকে পুনরায় সম্প্রচার শুরুর লাইসেন্স প্রদান করে। ২০০২ সালের ২৯ আগস্ট আদালতের একটি রায়ে এ টিভি চ্যানেলটি বন্ধ হয়ে যায়। এটি ছিল একই সাথে স্যাটেলাইট ও টেরিস্টেরিয়াল মর্যাদার দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল।

দীর্ঘ আইনী লড়াই শেষে ইটিভি পুনরায় সম্প্রচার শুরুর লাইসেন্স পায়। শিগগিরই তারা সম্প্রচার শুরু করতে পারে। ইটিভির চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশী আবদুস সালাম চ্যানেলটির সিংহভাগ শেয়ারের কর্ণধার।