২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক ও ধূমপানজনিত রোগে দেশে বছরে প্রায় এক লাখ লোক মারা যায়

তামাক ও ধূমপানজনিত রোগে প্রতি বছর দেশে প্রায় এক লাখ লোক মারা যায় এবং একই সময়ে প্রায় ১২ লাখ লোক তামাকজনিত নানা রোগে আক্রান্ত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

তামাকজনিত মৃতের শতকরা ১৬ ভাগের বয়স ৩০ বছরের মধ্যে।

বিশ্বব্যাংকের এক জরিপ অনুযায়ী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার সংসদে বিএনপি সংসদ সদস্য এমএ হাশেমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের শতকরা ৫৫ ভাগ লোক কোনও না কোনও ভাবে ধূমপান করে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ধূমপায়ীদের শতকরা ৪১ ভাগের বয়স ৩৫ থেকে ৪৯ বছর বয়সের মধ্যে, ২৪ ভাগের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে এবং ১২ দশমিক ৩ ভাগের বয়স ৫০ বছরের ওপরে।

পৃথক এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ধূমপানজনিত রোগের দিক থেকে বাংলাদেশ বিশ্বের ৫ম শীর্ষ দেশ।

২০০৪ সালে দেশে ৯৮ হাজার ৮১৪ জন যক্ষা রোগী সনাক্ত করা হয় বলে মন্ত্রী জানান।