যশোরে ইউপি সদস্য মকবুল হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
যশোর জেলার চৌগাছা উপজেলার হুদা চৌগাছা ইউপি সদস্য মকবুল হোসেন হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সামাদ রোববার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে, আমিনুর রহমান ওরফে আমিন, ফিরোজ, মো: নান্নু, মিন্টু, আলী, শরিফুল ইসলাম, মমিন, টিটু, আলাউদ্দিন ওরফে আলা ও বিল্লাল। এদের মধ্যে শরিফুল ইসলাম, টিটু ও আলাউদ্দিন জেল হাজতে এবং বাকিরা পলাতক রয়েছে।
অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা ১৯৯৯ সালের ২০ ফেব্র“য়ারি ইউপি সদস্য মকবুল হোসেনকে তার নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই বর্তমান ইউপি সদস্য মোবারক হোসেন ১৭ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর মামলার চার্জ গঠন করা হয়। পরে ২০০০ সালের ১৭ আগস্ট পুনঃতদন্তের মাধ্যমে সম্পূরক চার্জ গঠন করা হয়।
২০০৫ সালের ২৯ মার্চ মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়।
১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ রায় দেয়।
