কলকাতা মেট্রো রেলে নিরাপত্তা জোরদার
দমদম স্টেশন থেকে দুটি বড় আকৃতির হাতির দাঁত ও একটি এয়ার পিস্তল উদ্ধারের পর কর্তৃপক্ষ ১৮ কিমি দীর্ঘ মেট্রোরেলসহ সকল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
গত কয়েকদিনে দমদম স্টেশন থেকে প্রথমে একটি এয়ার পিস্তল ও পরে একজোড়া বিশাল আকারের হাতির দাঁত উদ্ধারের পর মেট্রোরেল নিরাপত্তা কর্তৃপক্ষ সকল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
সোমবার সন্ধ্যায় এক মেট্রো কর্মচারি প্রথমে আগ্নেয়াস্ত্রের মতো দেখতে একটি জিনিস পড়ে থাকতে দেখে। পরে দেখা যায় তা একটি এয়ার পিস্তল। কিছুক্ষণের মধ্যেই প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়ার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়।
তদন্তে জানা যায়, মেটাল ডিটেক্টর অতিক্রমকালে ধরা পড়ার ভয়ে বহনকারি ব্যক্তি পিস্তলটিকে প্লাটফর্মে ছুড়ে ফেলে দেয়। অন্যদিকে দমদম স্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় পাটের ব্যাগে প্যাকেট করা একজোড়া গজদন্ত উদ্ধার করা হয়।
নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে রিরাপত্তা বাহিনী এবং কলকাতা পুলিশ কনস্টেবলদেরকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ সকল প্রবেশ ও বহির্গমন পথে অতিরিক্ত ক্লোজসার্কিট ক্যামেরা বসানোর চিন্তাভাবনা করছে।
কলকাতা মেট্রোর প্রধান কমিমনার এস জি স্যামুয়েলা বলেন, লোকজনের চলাচলের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ৬০টি নতুন ক্যামেরা স্থাপন করা হতে পারে।
এছাড়াও স্ক্যানার স্থাপনের ব্যাপারেও আলোচনা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি।
