খুলনায় শিল্পপতির বিরুদ্ধে প্রতারণা করে যুবকের কিডনি নেওয়ার অভিযোগ
খুলনার দৌলতপুরে তারেক ফুড ইন্ডাস্ট্রিজের মালিক আব্দুল গনির বিরুদ্ধে তার প্রতিষ্ঠানের একজন কর্মচারির কিডনি প্রতারণা করে নিজ শরীরে প্রতিস্থাপনের অভিযোগ পাওয়া গেছে।
খুলনা প্রেসক্লাবে বুধবার এক সংবাদ সম্মেলনে তারেক ফুড ইন্ডাস্ট্রিজের কর্মচারি ফজলুল হক মনির জানান, প্রতারণা করে কিডনি নেয়ার পর তাকে আর্থিকভাবে সহায়তার প্রতিশ্রতি দেওয়া হয়েছিল। কিন্তু কোনো সহায়তা করা হয়নি। এমনকি কিডনি নেয়ার পর তার চিকিৎসারও ব্যবস্থা করা হয়নি। পৈত্রিক সম্পত্তি বিক্রি করে তার চিকিৎসা করতে হচ্ছে।
সম্মেলনে ফজলুল হক মিলন আরও জানান, আবদুল গনির দুটি কিডনি নষ্ট হওয়ার পর চিকিৎসার জন্যে ভারত যান। পরে ভারত থেকে পণ্য আমদানির কাজের কথা বলে মিলনকে ভুয়া পাসপোর্ট দিয়ে ভারতে পাঠানো হয়। এরপর কলকাতা থেকে পাঠানো হয় বাঙ্গালোরে। একদিন ঘুমের মধ্যে ওষুধ প্রয়োগ করে তাকে অজ্ঞান করে একটি কিডনি নিয়ে নেয়া হয় বলে ফজলুল হক মনির অভিযোগ করেন। পরে মালিক পক্ষ মনির ও তার পরিবারকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিতে থাকে এবং এ নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেয়।
সম্মেলনে মনির আরও জানান, বড় অপারেশনের কারণে পাঁচ কেজির বেশি ভারি বস্তু বহন করা তার জন্যে নিষিদ্ধ। ফলে শারীরিক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা তার পক্ষে সম্ভব নয়। বর্তমানে বৃদ্ধ পিতামাতা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
