২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ৩ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে মঙ্গলবার মোট তিন জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বিডিআর সূত্রের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল আটটায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের সালদা নদী থেকে শ্রমিকরা বালু উত্তোলনের সময় বিএসএফ হঠাৎ করেই প্রায় শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে পুটিয়া গ্রামের পল্লী চিকিৎসক ডা. আবু তাহের (৪৫) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে নদীর পাড়ে তার ধানি জমি দেখতে গিয়েছিল।

অপর দিকে একই সময়ে নদীতে বালু উত্তোলন করার সময় কাইমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের দেলোয়ার হোসেন (৬০) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় বিএসএফ’র গুলিতে নদীতে থাকা আরও ১০ বালু শমিক আহত হয়।

এ ঘটনায় শ্রমিকরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করলে বিএসএফ নিহতদের লাশ ভারত সীমান্তের কাম থানায় নিয়ে যায়। তড়িঘড়ি করে লাশ নিয়ে যাওয়ার সময় বাংলাদেশ সীমান্তে নিহতদের একজোড়া জুতা ফেলে যায়।

প্রত্যক্ষদর্শী বালু শ্রমিক স্বপন জানায়, প্রতিদিনের মতো পুটিয়ায় বাংলাদেশ সীমান্তে বালু উত্তোলনের সময় বিএসএফ অতর্কিতভাবে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে।

আহতদের ব্রাক্ষণবাড়িয়া, ব্রাক্ষণপাড়া ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশ সুপার এটিএম তারেক, ১১ রাইফেলস ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল কেএ নেছার এবং কসবা থানার ওসি খোশ আহাম্মদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

১১ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক সাংবাদিকদের জানান, বিএসএফ অন্যায়ভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নির্বিচারে বালু শ্রমিকদের হতাহত করে।

তিনি নিহতদের লাশ ফেরত দেওয়ার জন্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্যে বিএসএফকে চিঠি লিখেছেন এবং সীমান্তে রেড এলার্ট জারি করেছেন।

অন্যদিকে বিএসএফ সীমান্তের ওপারে বিপুল সৈন্য মোতায়েন করেছে বলেও তিনি জানান। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ কোনও জবাব দেয়নি।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁও-এর ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশী কৃষক নিহত হয়েছে।

সূত্র জানায়, নিহত কৃষকের নাম আফসার আলী (৪০)। তার বাড়ি জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চাকমাপাড়া গ্রামে।

বিডিআর সূত্র জানায়, আফসার আলী মঙ্গলবার সকালে ধর্মগড় সীমান্ত সংলগ্ন বিওপি এলাকায় (পিলার নং ৩৪৭) নিজ জমিতে কাজ করছিল। ওই সময় ভারতের শ্রীপুর ৪৭ বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আফসার আলী ঘটনাস্থলেই নিহত হয়। পরে তার লাশ বিএসএফ ভারত সীমান্তের অভ্যন্তরে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা লাশ ফেরত দেয়নি।