২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট খাতে সমীক্ষার জন্য ইসি’র সহায়তা কামনায় পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান রোববার অত্যন্ত সম্ভাবনাময় এবং আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা সম্পন্ন এ দেশের পাট খাতের ওপর একটি সমীক্ষা পরিচালনার জন্য ইউরোপীয় কমিশনের (ইসি) সাহায্য চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদলের রাষ্ট্রদূত এস্কো কেনশিয়ানস্কি রোববার তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে এলে মন্ত্রী এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে রাষ্ট্রদূতের মেয়াদকালীন তার ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

তিনি ইউরোপীয় কমিশনকে বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সহযোগিতা দানের আহ্বান জানান।

কেনশিয়ানস্কি বাংলাদেশে তার মেয়াদকালে পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ইউরোপীয় কমিশনের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, সরকার বোমা হামলার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। জনগণের নিরাপত্তার স্বার্থে হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদায়ী রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, তিনি বাংলাদেশের মানুষের কঠোর পরিশ্রম ও চারিত্রিক দৃঢ়তা প্রত্যক্ষ করেছেন। গত বন্যায় এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছে। এটি তার জন্য একটি শিক্ষা।

তিনি বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও আন্তরিকতার বিশেষ প্রশংসা করেন।