২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালউদ্দিন অপহরণ মামলায় অভিযুক্ত শাহজাহান ও শহীদ চেয়ারম্যান রিমান্ডে

চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ি ও বিএনপি নেতা জামালউদ্দিন অপহরণ মামলায় অন্যতম প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরীকে শনিবার পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর আনোয়ার হোসেন ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গত বৃহস্পতিবার র‌্যাবের সদস্যরা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করে এবং শুক্রবার তাকে সিআইডির কাছে ন্যস্ত করা হয়।

ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী আনোয়ারার বিএনপি সাংসদ সারওয়ার জামাল নিজামের ছোট ভাই মারুফ নিজামের ঘনিষ্ঠ সহযোগি হিসেবে পরিচিত।

এছাড়া মামলার অপর আসামী শহীদ চেয়ারম্যানের পাঁচদিনের রিমান্ড শেষে শনিবার র‌্যাব আরও সাতদিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে শহীদ চেয়ারম্যানের জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড না করায় জামালউদ্দিনের পরিবার বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন।