২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জনসভাস্থল থেকে আটক ৯ ভারতীয়কে বুধবার দেশে ফেরত পাঠানো হবে

কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ নির্মাণকালে গ্রেফতার হওয়া নয় ভারতীয় নাগরিককে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে বুধবার সকালে কুমিল্লার বিবির বাজার সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

কুমিল্লার লাকসামে ১১ মার্চ প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ তৈরি করার সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে লাকসাম পুলিশ নয় ভারতীয়কে আটক করে। এসময় তারা পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।    

পরে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নাশকতার অভিযোগ ও অবৈধ অনুপ্রবেশের দায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে কোনও অভিযোগ না পেয়ে তাদের ১৬ জুন কুমিল্লার একটি আদালতে পাঠায়।

আদালত অভিযুক্ত নয় ভারতীয়কে অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত করে প্রত্যেককে ২০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডাদেশ শেষে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় আদালত।

রায় ঘোষণার পর অভিযুক্তরা তাদের জরিমানা দিলেও ৫৪ দিন পর্যন্ত তাদের ফেরত পাঠানো হয়নি। এ অবস্থায় স্বরাষ্ট্র সচিব ৩০ জুলাই কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে কারা কর্তৃপক্ষকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

বুধবার তাদের দেশে ফেরত পাঠানো হবে। তাদের নাম- খোকন দাস, অনুদেব, মহাদেব, গৌতম, দিলীপ দাস, কালীপদ সাহা, হরিচরণ দেবনাথ, দুলাল সূত্রধর, এবং দীপনে দে। এরা সবাই ভারতের ত্রিপুরা রাজ্যের অধিবাসী।